প্রায় সন্ধ্যা। পাখিদের নীড়ে ফেরার সময়, বিশেষ করে দিবাচর পাখিদের। পশ্চিমের আকাশে সূর্যটা ডুবুডুবু। ভাটা শুরু হয়েছে। তার পরও সুন্দরবনের একটি খাল দিয়ে উজানের বিপরীতে চলছে আমাদের নৌকা। তখন একটি দেশি কানিবক উড়ে গেল অস্ত যাওয়া সূর্যটার দিকে। কয়েকটি মাছরাঙা পাখি তখনো আয়েশ করে মাছ শিকার করছিল। এদের মধ্যে একটি ছিল খয়রাপাখ মাছরাঙা। এত অল্প আলোর মধ্যেও দেখলাম বেশ সফলভাবে ওদের শিকার ধরতে। সুন্দরবনের এমন কঠিন প্রতিবেশব্যবস্থার মধ্যে এসব পাখি দারুণভাবে মানিয়ে নিয়েছে। জোয়ার-ভাটার ওপর ওদের খাবারের প্রাপ্যতা নির্ভর করে।সুন্দরবনে অনেক পাখি আছে, যারা জলজ প্রাণীর ওপর নির্ভর করে বেঁচে থাকে। এদের মধ্যে বিপন্ন ও দুর্লভ কালামুখ প্যারা পাখি (Masked Finfoot) ও আট প্রজাতির মাছরাঙা উল্লেখযোগ্য। নদী বা খালে ভাটা শুরু হলে এসব পাখি খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। দুই ধারের নরম মাটিতে কাঁকড়া, জলজ পোকা, ছোট চিংড়ি এ সময় পাওয়া যায়, যা অনেক পাখিরই প্রধান খাবার। তা ছাড়া খালের পানি কমে গেলে ছোট মাছ ধরা মাছরাঙাদের কাছে সহজ হয়।বাংলাদেশে দেখা মেলে ১২ প্রজাতির মাছরাঙা, যাদের মধ্যে এক প্রজাতি পরিযায়ী। সেটি হলো কালোটুপি মাছরাঙা। খয়রাপাখ মাছরাঙা (Brown-winged Kingfisher) প্রকাণ্ড লাল ঠোঁট ও বাদামি ডানার মাছশিকারি পাখি। প্রাপ্তবয়স্ক পাখির মাথা ও ঘাড় বাদামি-কমলা; কাঁধ-ঢাকনি ও ডানা কালচে-বাদামি; পিঠ ও কোমর নীল। প্রান্ত-পালক ডানার বাকি অংশের চেয়ে গাঢ় বাদামি; গলা, বুক, পেট বাদামি-কমলা। ঠোঁট লাল। ছেলে ও মেয়েপাখি দেখতে অভিন্ন।এই পাখি জোয়ার-ভাটায় সিক্ত নালা ও প্যারাবনের প্রবহমান নদীতে ও খালে বিচরণ করে। একা বা জোড়ায় ঘুরে বেড়ায়। উঁচু ডাল থেকে পানিতে ঝাঁপ দিয়ে শিকার ধরে খায়। খাদ্যের তালিকায় রয়েছে কাঁকড়া, সরীসৃপ ও মাছ। ওড়ার সময় এই পাখি পানির অল্প ওপর দিয়ে চলে কিন্তু বসার সময় গাছের উঁচু ডাল বেছে নেয়। ওড়ার সময় কা..কা..কা.. শব্দ করে ডাকে। অন্য সময় করুণ সুরে শিস দিয়ে ডাকে, অনেকটা চৌ..চৌ..চৌ..। মার্চ-এপ্রিল মাসে খাল বা নদীর খাড়া পাড়ে সুড়ঙ্গ কেটে বাসা বানায়। ডিম সাদা ও গোল। সংখ্যায় চারটি। বরিশাল ও খুলনা বিভাগের প্যারাবনে এই পাখি দেখা যায়।