গঙ্গাচড়ার ২৫ হাজার একর জমিতে আমন ফসল হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র একটি স্লুুইসগেট। দীর্ঘ ১৫ বছর ধরে নষ্ট। এর সঙ্গে পানি প্রবাহের একটি ক্যানেল ছিল। তাও ভরাট হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। এর ফলে তিন হাজার পরিবারের প্রায় ২৫ হাজার একর জমির আমন আবাদ বন্ধ হয়ে গেছে। সর্বস্বান্ত হয়েছে কয়েকটি গ্রামের কৃষক। এ অবস্থা রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কয়েকটি গ্রামের। উপজেলার গজঘণ্টা ইউনিয়নের পূর্ব দিকে রাজবল্লভ, রমাকান্ত, একনাথ, জয়দেব ও মহিষাসুর এলাকার কয়েক হাজার কৃষক বছরের পর বছর ধরে তাঁদের জমিতে আমনের ফসল আবাদ করতে পারছেন না। বছরের তিনটি ফসলের মধ্যে মাত্র একটি বোরো ধান আবাদ করতে পারেন তাঁরা। এতে কৃষিনির্ভর এই মানুষগুলো আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হয়ে পড়েছেন অসহায়। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, বোতলা, ছালাপাক ও বালাপাড়ায় আনুমানিক ২৫ হাজার একর কৃষি জমি রয়েছে। এই জমিগুলোতে বর্ষাকালে জলাবদ্ধ হয়ে পড়ে। পানি সরে যাওয়ার কোনো উপায় নেই। খোঁজ নিয়ে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই এলাকার আবাদি জমির পানি নিষ্কাশনের জন্য ১৯৯২ সালে স্লুুইসগেটটি নির্মাণ করে। সেই সময় এই পানি একটি ক্যানেল দিয়ে গেটের মাধ্যমে তিস্তা নদীতে গিয়ে পড়ত। মাত্র তিন বছর যেতে না যেতেই গেটটি খারাপ হয়ে যায়। পরবর্তী সময়ে তা আর ভালো করা হয়নি। ধীরে ধীরে পানি নিষ্কাশনের ক্যানেলটিও ভরাট হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, গজঘণ্টা বাজার থেকে রাজবল্লভ যেতে রাস্তার দুই ধারের জমি জলাবদ্ধ হয়ে আছে। কৃষকের রোপণ করা আমন চারা পানিতে তলিয়ে গেছে। কিছু জায়গায় আমন চারাগুলো কচুরিপানায় ঢেকে আছে। স্থানীয় কৃষকেরা জানান, বড় আশা নিয়ে তাঁরা জমিতে আমন ধান আবাদ করেন। কিন্তু বৃষ্টি হলেই সব শেষ হয়ে যায়। কারণ, ওই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। প্রতিবছরই আমন আবাদ করে বৃষ্টি নিয়ে ভয়ে থাকেন তাঁরা। এ বছর বৃষ্টি কম হওয়ায় প্রথম দিকে আমনের চারা ভালোই বাড়ছিল। তাঁরাও আশান্বিত হয়ে উঠেছিলেন। কিন্তু সম্প্রতি বৃষ্টি হলে ফসল পানিতে তলিয়ে যায়। এই পানি সরে যাওয়ার কোনো পথ না থাকায় বপন করা চারাগুলো পচে নষ্ট হয়ে যায়। রাজবল্লভ গ্রামের কৃষক সিদ্দিকুর রহমানের প্রায় ১৪ একর জমি। শীতকালে বোরো আবাদ করে কোনোমতে ফসল ঘরে তুলতে পারলেও পুরো জমির আমন নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘বোরো ধান কাটার সময় এক-কোমর পানিত নামিয়া কাটা লাগে। আর বর্ষাত রোপণ করা আমন নষ্ট হয়া যায়’। বালাপাড়ার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আশরাফ আলীর জমি আছে ৩০ একর। তিনি বলেন, ‘কাগজে-কলমে জমি আছে, কিন্তু পেটে ভাত নেই। এক বোরোর আবাদ দিয়া সংসার চালানো কষ্টসাধ্য ব্যাপার’। রমাকান্ত গ্রামের এরশাদ আলী বলেন, ‘দীর্ঘ ১৫ বছর থাকি স্লুুইসগেট খারাপ হয়া পড়ি আছে। জমির আমন আবাদ সব সুময় পানির তলোতই থাকে’। একনাথ গ্রামের সোহরাব আলী বলেন, ‘পত্যেকবার চায়া থাকি এবার বুজি আমন ধান পামো। পত্যেকবার পানি তাক খায়া ফেলায়’। একই গ্রামের জোবেদ আলী বলেন, ‘আগোত আমন ধান আবাদ হছলো। এই স্লুুইসগেটখান খারাপ হয়া হামার দশা খারাপ হইছে। বহু লোক আইসে, এটি দেখি যায়। কিন্তু এটি ঠিক আর হয় না’। জয়দেব গ্রামের আয়নাল হক বলেন, ‘একনা ক্যানেল খুঁড়িয়া স্লুুইসগেটটা বর্ষাত চালাইলে হামার দোলার পানি সরি যাইবে। এতেই আমন আবাদ হইবে। হামরা ভালো থাইকপার পারি। কিন্তুক ওই ক্যানেল খুঁড়া আর স্লুইসগেটটা চালানই তো হয় না। বালাপাড়া গ্রামের কৃষানি খুকি বেগম বলেন, ‘ভোটের আগোত সবায় আশ্বাস দেয়...আগের ভরাট হয়া যাওয়া ক্যানেল এবার হইবে, স্লুুইসগেট ভালো হইবে। পরে আর কারো খেয়াল থাকে না’। গজঘণ্টা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, স্লুইসগেটটি নিয়ে অনেক দেনদরবার করেছি। কিন্তু কোনো লাভ হয়নি। উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সাংসদকেও বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে কৃষকদের এই দুরবস্থা দেখতে উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রামাণিক ঘটনাস্থলে যান। তিনি বলেন, সমস্যাটি দীর্ঘদিনের। জলাবদ্ধতায় কৃষকদের একটা বড় ফসল আমন নষ্ট হয়ে যায়। বিষয়টি পাউবোকে জানানো হয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, শিগগিরই ক্যানেল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। রংপুর-১ (গঙ্গাচড়া) উপজেলার সাংসদ আসিফ শাহরিয়ার বলেন, বিষয়টি মানবিক ব্যাপার। চেষ্টা করা হচ্ছে একটি ক্যানেল করে এসব পানি নিষ্কাশনের ব্যবস্থা করার।