গঙ্গাচড়ায় তিস্তা নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গান্নারপাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার তিস্তা নদীর প্রতিরক্ষা বাঁধ ভাঙনে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিস্তা নদীর মূল বাঁধ রক্ষায় গত বছর উপজেলার সদর ইউনিয়নের গান্নারপাড় এলাকায় এই বাঁধ নির্মাণ করা হয়। এটি গতকাল দুপুরে ধসে পড়ে। পানিবন্দী হয়ে পড়া আলা মিয়া (৪০) বলেন, ‘গত বছর বন্যার পর এই বাঁধ নির্মাণ হইছে। এক বছর না যাইতে তা এবার বন্যাত ভাঙি গেল।’ দুলাল মিয়া (৪৩) বলেন, ‘নদীর ভাঙা হামাক ছাড়োছে না। দুই বছর আগোত নদীর ভাঙোনোত বাড়ি সরাইছি। এবারও সরা নাগবে।’ আনোয়ার আলী বলেন, ‘এমনি তো প্যাটোত ভাত জোটে না, তার ওপর নদী হামাক শেষ করি ফেলাইল।’ এমনি করে নানা দুর্ভোগের কথা শোনালেন নদীর বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত আজিজুল ইসলাম, এলা মিয়া, উজিফুল, শওকত মিয়া, মোহাম্মদ আলী, আবুল হোসেন, নুর ইসলাম, আজাহারুল, আবদুল বারীসহ অনেকে। এ ব্যাপারে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর জন্য এখনো কোনো সাহায্য মেলেনি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ‘এই বাঁধ আমরা নির্মাণ করিনি। এটি কর্মসৃজন কর্মসূচির আওতায় নির্মাণ করা হয়েছে।’