গঙ্গার পানি সংরক্ষণ করতে পারছে না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারাক্কা বাঁধের ভেঙে যাওয়া দুটি স্লুইচ গেট দিয়ে গঙ্গার অতিরিক্ত পানি বাংলাদেশে চলে আসছে। তবে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় জলাধার না থাকায় বাংলাদেশ এই বাড়তি পানি কোনো কাজে লাগাতে পারবে না।যৌথ নদী কমিশনের (জেআরসি) একজন কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে আজ মঙ্গলবার জানিয়েছেন, ফারাক্কা বাঁধের ১০৯টি স্লুইচ গেটের মধ্যে দুটি ভেঙে গেছে। গঙ্গার পানি বণ্টন চুক্তির অতিরিক্ত পানি এই দুটি স্লুইচ গেট দিয়ে ভাটির দেশ বাংলাদেশে চলে আসছে।জেআরসির পরিচালক আহসান উল্লাহ বলেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশ বছরের এই সময়ে ৪০ হাজার কিউসেক পানি পেয়ে থাকে। কিন্তু দুটি স্লুইচ গেট ভেঙে যাওয়ায় এখন অতিরিক্ত আরও ১৫-১৬ হাজার কিউসেক পানি পাওয়া যাচ্ছে। তিনি বলেন, প্রস্তাবিত গঙ্গা ব্যারেজ হলে এই অতিরিক্ত পানি চলতি শুকনো মৌসুমের (মার্চ-মে) জন্য সংরক্ষণ করা সম্ভব হতো।আহসান উল্লাহ জানান, রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত গঙ্গা ব্যারেজের নকশার কাজ আগামী জুলাইয়ে সম্পন্ন হবে। চলতি বছরের ডিসেম্বরের দিকে এ প্রকল্পের দরপত্র ডাকা হতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের এই অতিরিক্ত পানি পাওয়ার বিরোধিতা করছেন। এমনকি বিষয়টি নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করারও পরিকল্পনা করেছেন।