থেমে গেল জগজিৎ সিংয়ের মধুর কণ্ঠ। ‘মেরি জিন্দেগি কিসি অর কি’, ‘ইয়ে কাগজ কা কাস্তি’, ‘আপনি মর্জি সে কাহান আপনে সফর কি হাম’, ‘জো হাম মে তুম্মে কারার থা’, ‘পাত্তা-পাত্তা বুতা বুতা হাল হামারা জানে হ্যায়’ কিংবা ‘বেদনা মুধুর হয়ে যায়’ ‘তোমার চুল বাঁধা দেখতে দেখতে’র মতো জনপ্রিয় সংগীত আর শোনা যাবে না গজলসম্রাট জগজিৎ সিংয়ের সুরেলা কণ্ঠে, যা অগণিত ভক্তের মুখে মুখে ফিরে।ভারত তথা উপমহাদেশের এই প্রখ্যাত সংগীতশিল্পী ৭০ বছর বয়সে গতকাল সোমবার সকাল আটটায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন।মুম্বাইয়ে উপমহাদেশের আরেক খ্যাতিমান গজলশিল্পী গোলাম আলীর সঙ্গে গত ২৩ সেপ্টেম্বর একই মঞ্চে গান করছিলেন জগজিৎ সিং। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আয়োজকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটেছে। ওই দিন সন্ধ্যায়ই জরুরি ভিত্তিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর পর থেকেই হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছিল তাঁকে।গুণী সংগীতশিল্পী জগজিৎ সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোঁশলে, কবি ও গীতিকার জাভেদ আখতারসহ অনেকেই। তাঁরা বলেন, জগজিৎ সিংয়ের মৃত্যু ভারতের সংগীতজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। জগজিৎ সিং একাধারে গায়ক ও সুরকার ছিলেন। গান গেয়েছেন বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি ও নেপালি ভাষায়। তবে গজলশিল্পী হিসেবেই তাঁর খ্যাতি বিশ্বজুড়ে। তিনি এমন একসময় সংগীতজগতে প্রবেশ করেন, যখন ভারতের সংগীতাঙ্গনে রাজত্ব করছিলেন পাকিস্তানি গজল গায়কেরা। ঐতিহ্যগতভাবেই গজল ছিল অভিজাতশ্রেণীর সংগীত। তবে সত্তর ও আশির দশকে তিনি উপমহাদেশের চিরায়ত সুর এবং পশ্চিমা যন্ত্রসংগীতের সমন্বয় ঘটিয়ে গজলকে জনপ্রিয় করে তুলে উচ্চতর মর্যাদায় আসীন করেন। তিনিই প্রথম ভারতীয় সংগীতপরিচালক, যিনি মাল্টি-ট্র্যাক রেকর্ডিং প্রযুক্তি ব্যবহার করে তাঁর বিয়ন্ড টাইম অ্যালবামটি তৈরি করেন।গজলের আবেদন উপমহাদেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তিনি বলিউডের অনেক গানের সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন। তাঁর অসাধারণ সুরেলা কণ্ঠ পাওয়া যায় আশির দশকের গোড়ার দিকের প্রেমগীত ও অর্থ চলচ্চিত্রে। সর্বশেষ তিনি খুশিয়ান চলচ্চিত্রে গান গেয়েছেন। চলচ্চিত্রটি আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্র-সংশ্লিষ্ট ও এর বাইরের ৬০টিরও বেশি অ্যালবামে গান গেয়েছেন তিনি।জগজিৎ সিং অনেক বাংলা গানও গেয়েছেন। শুধু যে গাওয়ার জন্যই গেয়েছেন, তা নয়। তাঁর গাওয়া বাংলা গানের অধিকাংশই বাংলাদেশের মানুষের হূদয় ছুঁয়ে আছে। ‘বেশি কিছু আশা করা ভুল’, ‘কত বেদনা দিয়ে’, ‘নদীতে তুফান এলে কূল ভেঙে যায়’, এসব গান এ দেশের সংগীতানুরাগীদের মুখে মুখে ফেরে।ভারতের রাজস্তান রাজ্যের এক দরিদ্র পরিবারে ১৯৪১ সালের ৮ ফেব্রুয়ারি জগজিৎ সিংয়ের জন্ম। এরপর জীবিকার তাগিদে মুম্বাইয়ে এসে বলিউডি চলচ্চিত্রে ভাগ্য পরিবর্তনের সিঁড়ি হাতে পেয়ে যান তিনি। সত্তর ও আশির দশকে স্ত্রী চিত্রা সিংয়ের সঙ্গে জুটি গড়ে খ্যাতির চূড়ায় পৌঁছান জগজিৎ সিং। বলা হয়ে থাকে, ভারতের সংগীতের ইতিহাসে তাঁরাই প্রথম সফল জুটি। তাঁদের একমাত্র সন্তান বিবেক ১৯৯০ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেলে সংগীত ছেড়ে দেন চিত্রা সিং। আর জগজিৎ সিংও অনুষ্ঠানে গান করা কমিয়ে দেন। পুত্রবিয়োগের পর অল্প কিছু অ্যালবামই করেছেন তিনি। সেসব সংগীতের বেশির ভাগের লয়ে আধ্যাত্মিকতা ও ধর্মীয় অনুভূতির ছোঁয়া লেগেছে। ২০০৭ সালে ভারতের স্বাধীনতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি।সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার ২০০৩ সালে তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘পদ্মভূষণ’ সম্মাননায় ভূষিত করে। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।