গজারিবনে মুক্তিযুদ্ধের চেতনার আবহ
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ছবি গলায় ঝুলিয়ে ঘুরছে আল মুনতাসির। নওগাঁর নিয়ামতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের এই স্কাউট খুঁজে ফিরছে অন্য ছয়জন বীরশ্রেষ্ঠ ও জাতীয় স্মৃতিসৌধের ছবি কাছে থাকা সাত স্কাউটকে। অন্য ছয়জন বীরশ্রেষ্ঠ ও জাতীয় স্মৃতিসৌধের ছবি থাকা স্কাউটরাও খুঁজছে বীরশ্রেষ্ঠ মতিউরের ছবি যার কাছে আছে, সেই স্কাউটকে। চ্যালেঞ্জ হচ্ছে, সাতজন বীরশ্রেষ্ঠ ও জাতীয় স্মৃতিসৌধের ছবি থাকা আট স্কাউটকে এক সারিতে দাঁড়াতে হবে।গাজীপুরের মৌচাকে চলমান অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরির চতুর্থ দিনে গতকাল রোববার স্কাউটদের বন্ধু খোঁজার এই চ্যালেঞ্জের নাম ‘বন্ধু ও পড়শি’। ফলে গতকাল মৌচাকের বিস্তীর্ণ গজারিবনে ছিল মুক্তিযুদ্ধের চেতনার আবহ।মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল চ্যালেঞ্জ ৯-এর ‘বন্ধু ও পড়শি’ কার্যক্রমে জাতীয় স্মৃতিসৌধ ও বীরশ্রেষ্ঠদের ছবি ব্যবহার করা হয়। একটি দলের সাতজন সদস্যকেই দেওয়া হয় একজন বীরশ্রেষ্ঠর ছবি। আর দলনেতাকে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের ছবি। জাম্বুরিতে অংশ নেওয়া স্কাউটদের এক হাজার ১৫০টি দলকেই স্মৃতিসৌধ ও বীরশ্রেষ্ঠদের ছবি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, একজনের ছবি পাওয়া স্কাউট অন্য সাতজনকে খুঁজে বন্ধু বানাবে।বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছবির বাহক মুনতাসিরের বিদ্যালয়ের শাহীন মনোয়ার বলেছে, ‘হাঁটছি আর মাঝেমধ্যে নিজের কাছে থাকা ছবির দিকে তাকাচ্ছি। আপন মনে হচ্ছে মতিউর রহমানকে। দেশের জন্য এভাবে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের আমরা ভুলে যেতে পারি না।’ বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের ছবির বাহক এইচ আর রাহাত বলেছে, ‘এঁদের মতো দেশকে ভালোবাসতে চাই।’ সে আল আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট। লালমনিরহাটের তিস্তা বালিকা উচ্চবিদ্যালয়ের স্কাউট কাজলী আক্তার বলেছে, ‘মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। সাতজন বীরশ্রেষ্ঠর নাম কখনো একসঙ্গে বলতে পারতাম না। এখন পারি। আর ভুলব না।’ সুইড বাংলাদেশের স্কাউট বুদ্ধিপ্রতিবন্ধী শারমিন আক্তারের কাছে ছিল বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামালের ছবি। ছবি দেখিয়ে সে বলেছে, ‘এঁরা মুক্তিযুদ্ধ করেছে একাত্তর সালে।’মাঠের এক প্রান্তে বসে থাকা মওলানা কাসিমুদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয়ের শিক্ষক শেখ মো. রিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। আশঙ্কা ছিল, নতুন প্রজন্ম ভুলেই যাবে মুক্তিযুদ্ধের কথা। জাম্বুরিতে এখন বীরশ্রেষ্ঠদের ছবি ঘুরে বেড়াচ্ছে। দেখে অহংকার বোধ করছি।’ একই ধরনের কথা জানান কুমিল্লা রাজ্জাক উচ্চবিদ্যালয়ের শিক্ষক সামাদ উল্লাহ।চ্যালেঞ্জে বীরশ্রেষ্ঠদের ছবি ব্যবহার প্রসঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মেসবাহ উদ্দিন ভূইয়া বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই তাঁদের ছবি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে খুদে শিক্ষার্থীরা তাঁদের সম্পর্কে জানবে, জানতে আগ্রহী হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস কেবল জানলেই হবে না, অনুশীলনের মধ্যেও থাকতে হবে। তিনি বলেন, আজ সোমবার থেকে স্কাউটদের বিভিন্ন চ্যালেঞ্জের সময় জাগরণের গান বাজানো হবে।অপরিকল্পিত নগরায়ণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান: বিকেলে চ্যালেঞ্জে ‘অপরিকল্পিত নগরায়ণে কৃষিজমির বিলুপ্তি’ শীর্ষক মতবিনিময় সভা হয়। স্কাউটদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। তিনি বলেন, ‘মুনাফা লাভের জন্য কৃষিজমি ভরাট করে যারা অপরিকল্পিত নগরায়ণ করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অতিলোভীরা মুনাফা লাভের জন্য জমি ও নদী দখল করেছে। তারা যত শক্তিশালীই হোক না কেন, তাদের উচ্ছেদ করা হবে।’প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যদি যত্রতত্র নিচু জমি ভরাট করি, তাহলে প্রকৃতি দারুণভাবে এর প্রতিশোধ নেবে।’ তিনি বলেন, দেশের ইমারত বিধিমালা পরিবর্তন করতে হবে। নিজের খরচে বাড়ি করলেও বাড়ির পুরো জায়গায় বাড়ি করা যাবে না, কিছু জায়গা রাখতে হবে গাছপালা লাগানোর জন্য।এবারের জাম্বুরির মিডিয়া পার্টনার চ্যানেল আই, রেডিও এবিসি ও প্রাণ গ্রুপ। আর সহযোগিতায় রয়েছে প্রথম আলো।