গজারিয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আটক ৫
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। এলাকায় প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, টেঙ্গারচরে ইউপি নির্বাচনের পর থেকেই দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন ও মো. ইসহাক আলীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও হামলার ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত রায়হান উদ্দিন ফকিরকে (৫৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সংঘর্ষে উভয়পক্ষের ৩৫ জন আহত হয়। নিহত রায়হান মো. ইসহাক আলীর মামা।আলমগীর হোসেন দাবি করেন, ‘নির্বাচন করে পরাজিত হয়েছি। এলাকায় আমার কোনো পক্ষ-বিপক্ষ নেই।’মো. ইসহাক আলীর দাবি, তিনি এসবের সঙ্গে জড়িত নন। টেঙ্গারচর ইউপির চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি মো. শাহজাহান খান বলেন, তাঁরা বিএনপির সমর্থক। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই তাঁরা বারবার সংঘর্ষে জড়াচ্ছে।গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গতকাল পাঁচজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।