গজারিয়ায় পৃথক সংঘর্ষে আহত ৩০
গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে আজ শনিবার পৃথক সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ ছাড়া ১০টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।গুরুতর আহত ব্যক্তিরা হলো—তহিদুজ্জামান জুয়েল (৩৮), শাহিদা বেগম (৩৫), মোরশেদা বেগম (৩৫), কুলসুম (২২), মেহেদী হাসান (৬), বিজয় (২), শিলা (১৮), সিরাজ মিয়া (৪০), আবুল কালাম (৪৫) ও রওশন আরা (৩৮)। এদের মধ্যে জুয়েলকে পঙ্গু হাসপাতাল এবং শাহিদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়েছে।স্থানীয় আওয়ামী লীগের সমর্থক তহিদুজ্জামান জুয়েল ও জিয়াউল হকের সমর্থকদের মধ্যে প্রাধান্য বিস্তার কেন্দ্র করে আজ ভোরে সংঘর্ষের সূত্রপাত। এরপর দুপুর দুইটা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। ঘটনায় জড়িত থাকার ব্যাপারে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে জিয়াউল হক পক্ষের দুইজনকে আটক করা হয়েছে।এদিকে আজ বেলা তিনটার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের তেতুইতলা গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন আহমেদ জানান, স্থানীয় আওয়ামী লীগের সমর্থক শামসুদ্দিন প্রধান ও বিএনপির সমর্থক জাকারিয়া পক্ষের লোকজনের মধ্যে আজ সংঘর্ষ বাধে। সংঘর্ষের খবর শুনে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, শামসুদ্দিন ও জাকারিয়া বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।