গজারিয়ায় মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে পুলিশ আজ শুক্রবার সকালে একজন যুবকের লাশ উদ্ধার করেছে। তাঁর নাম জাফর মিয়া (২৪)। পুলিশের দাবি, জাফর নৌ ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ভাটিবলাকী গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে গজারিয়া থানা-পুলিশ জাফরের লাশ উদ্ধার করে। গত মঙ্গলবার রাতে ভাটিবলাকী গ্রামের সাইজুদ্দিন খানের ছেলে জাফরসহ আট থেকে ১০ জন সঙ্গী নিয়ে গ্রামের পাশের মেঘনা নদীতে ডাকাতি করতে যায়। ডাকাতি শেষে মালামালের ভাগ-বাটোয়ারা নিয়ে সহযোগী ডাকাতদের সঙ্গে ঝগড়া বাধলে সঙ্গীরা জাফরতে হত্যা করে লাশ মেঘনা নদীতে ফেলে দেয়। তবে জাফরের ভাই সেলিম খান গত বুধবার গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (ডিজি) করেন। এতে তিনি অভিযোগ করেন, জাফরের কয়েকজন সঙ্গী গত মঙ্গলবার রাতে তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাঁর হদিস মিলছে না।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, জাফর নৌ ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল। ভাগ-বাটোয়ারা নিয়ে ঝগড়ার জের ধরেই অন্য সঙ্গীরা তাঁকে মেরে নদীতে ফেলে দিয়েছে। জাফরের ভাইয়ের করা জিডি এখন মামলায় রূপান্তর করা হবে।