গজারিয়ায় যুবকের লাশ উদ্ধার
মুন্সিগঞ্জের গজারিয়ার পুরান বাউশিয়া এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে গজারিয়া থানার পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, উদ্ধার করা ওই অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তাঁর পরনে লুঙ্গি, হাফ হাতা চেক শার্ট, ডান হাতে ক্যাসিও ঘড়ি, গলায় গামছা পেঁচানো ছিল। তাঁর শরীরে ক্ষত রয়েছে।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে অন্য কোথাও যুবকটিকে হত্যা করে। পরে রাতের কোনো একসময় লাশটি এখানে ফেলে যেতে পারে।লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।