গজারিয়ায় লঞ্চ ডুবিতে আরও ৪ লাশ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচরে মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনার ছয় দিন পর আজ বুধবার আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ কোস্টগার্ডের টহল দলের সদস্যরা ভাসমান চারটি লাশ উদ্ধার করেন। এ নিয়ে এই দুর্ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার হলো।আজ উদ্ধার করা লাশগুলোর পরিচয় হলো: চাঁদপুর মতলব উত্তর উপজেলার মুক্তিরকান্দি গ্রামের আবুল হাশেম (৪৫), চন্দ্রাকান্দি গ্রামের শাহনাজ বেগম (১৭), একই উপজেলার নাজমা বেগম (৩০) ও শিল্পী আক্তার (২৫)।কোস্টগার্ডের টহল দলের সদস্য পেটি অফিসার মো. সামছুর রহমানের বরাত দিয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলো ডটকমকে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেন। পরে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গত শুক্রবার সকাল সাতটার দিকে নারায়ণগঞ্জ ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুরের মতলবের মাছুয়া খালের উদ্দেশে ছেড়ে আসে এমএল সারস লঞ্চটি। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী অতিক্রম করে মেঘনা নদীতে আসার পর পেছনে চলতে শুরু করে বালুবাহী নৌযান (বলগেট) ফিরোজা ফারজানা। বলগেটটি খালি ছিল। গজারিয়া উপজেলার ইসমানিরচরের কাছে পৌঁছার পর বলগেটটি পেছন থেকে লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন। তখন আশপাশের কয়েকটি ট্রলার কিছু যাত্রীকে উদ্ধার করে।