মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকিতে পূর্বশত্রুতার জের ধরে গতকাল বৃহস্পতিবার সরকারদলীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। এদিকে শরীয়তপুর শহরেও আধিপত্য বিস্তার নিয়ে সরকারদলীয় দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রের বক্তব্যমতে, গজারিয়ার হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিন মন্টু এবং উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আরিফ হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক দিন ধরে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহল্লায় মহড়া দিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনে সংঘটিত সহিংস ঘটনা নিয়ে একটি মামলায় গতকাল দুই পক্ষ গজারিয়ার আমলি আদালতে হাজিরা দেয়। আদালতে হাজিরা শেষে বেলা একটার দিকে দুই পক্ষ এলাকায় আসামাত্র তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। গুলিবিদ্ধ হন রফিকুল ইসলাম। গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রফিকুল যুবলীগের নেতা আরিফ হোসেনের দূরসম্পর্কের ভাই।হাসপাতাল সূত্র জানায়, রফিকুলের বুকের ডানদিকে তিনটি গুলি লেগেছে। আহত ব্যক্তিদের মধ্যে জামাল মিয়ার (৪৫) অবস্থাও আশঙ্কাজনক। জানতে চাইলে আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘আমার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে নিয়েছে প্রতিপক্ষ। তারা নিজেদের লোককে খুন করে আমাদের ওপর দায় চাপাতে চাচ্ছে।’ আরিফ হোসেনের সমর্থক আমিরুল হক বলেন, ‘আবদুল মতিন বিএনপির লোকজনকে সঙ্গে নিয়ে আমাদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে। আমাদের নিবেদিত এক কর্মীকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমরা এর শাস্তি চাই।’ গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া বলেন, রফিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (গতকাল রাত) থানায় কোনো মামলা হয়নি।মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহেদ ফেরদৌস বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।শরীয়তপুরে সংঘর্ষপুলিশ ও এলাকাবাসী সূত্রের বক্তব্যমতে, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তোতা মাঝি এবং পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছাত্তার পাহাড় ও সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু বেপারীর সমর্থকদের মধ্যে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঠিকাদারি ও আধিপত্য বিস্তার নিয়ে তোতা মাঝি এবং ছাত্তার পাহাড় ও বাচ্চু বেপারীর মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বুধবার রাতে তোতা মাঝির সমর্থকেরা ছাত্তার পাহাড় ও বাচ্চু বেপারীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে বিল্লাল পাহাড় ও ছালাম নামের দুজন আহত হন। পরে এ ঘটনার জের ধরে ছাত্তার পাহাড় ও বাচ্চু বেপারীর সমর্থকেরা একত্র হয়ে রাতেই তোতা মাঝির শরীয়তপুর শহরের বাসভবনে হামলা চালান। এ সময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে তোতা মাঝি ফাঁকা গুলি ছোড়েন। পরে হামলাকারীরা সেখান থেকে চলে এসে তোতা মাঝির মালিকানাধীন আমিনউদ্দিন প্লাজায় ভাংচুর চালান। এ ঘটনার জের ধরে গতকাল দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। গুলির শব্দও শোনা যায়। সংঘর্ষে জুলহাস, আলমগীর ও নিজাম নামের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা ছাত্তার পাহাড়-বাচ্চু বেপারীর সমর্থক। গ্রেপ্তার এড়াতে চিকিৎসার জন্য তাঁদের শহরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তোতা মাঝি বলেন, ‘চিহ্নিত কিছু সন্ত্রাসী আমাকে হত্যার উদ্দেশ্যে বুধবার রাতে আমার বাসভবনে হামলা চালায়। জীবনের নিরাপত্তার জন্য তখন আমি পাঁচ-ছয়টি ফাঁকা গুলি ছুড়ি।’শ্রমিক লীগের নেতা বাচ্চু বেপারী বলেন, ‘তোতা মাঝি ও তাঁর ভাই সুমন মাঝি বিভিন্ন ঠিকাদারের কাছে চাঁদা দাবি করছেন। বুধবার রাতে তাঁরা আমাদের সমর্থকদের কুপিয়ে আহত করেছেন।’শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।