গজারিয়ায় সাত ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু হওয়া অবরোধ সাত ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকেরা। বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। দুপুর সোয়া বারোটার দিকে অবরোধ তুলে নেওয়া হলেও পৌনে একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছিল। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।অবরোধকারী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পরপরই বিক্ষুব্ধ কয়েক হাজার গ্রাহক উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা, বালুয়াকান্দি, ভাটেরচর, আনারপুরা ও ভবেরচর এলাকায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধকারীর সংখ্যাও বাড়তে থাকে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান ও মনসুর আহমেদ জিন্নাহ এবং উপজেলা প্রশাসন চার-পাঁচ দিনের মধ্যে লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়। গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, লোডশেডিং সহনীয় মাত্রায় কমিয়ে আনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা অবরোধ তুলে নিয়েছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া জানান, আইনশৃঙ্খলা বাহিনী এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।