গঠনতন্ত্র সংশোধন করতে ইসির চিঠি, এবার বেঁকে বসেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের পাঁচটি ধারা নিবন্ধন আইনের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ধারাগুলো সংশোধন করতে জামায়াতকে চিঠি দিয়েছে কমিশন। তবে জামায়াত এর আগে কমিশনের নির্দেশনা অনুযায়ী গঠনতন্ত্রে একাধিক পরিবর্তন আনলেও এবার বেঁকে বসেছে।জামায়াতের নেতারা প্রথম আলোকে বলেছেন, তাঁরা মনে করছেন, নির্বাচন কমিশন যেসব নির্দেশনা দিয়েছে, তা আইনসম্মত নয়। আর কমিশন যেসব ধারা সংশোধনের সুপারিশ করেছে, সেগুলো মানলে ইসলামের অনুসরণে রাজনীতি করা যাবে না।চলতি সপ্তাহের শুরুতে কমিশনের পক্ষ থেকে জামায়াতকে গঠনতন্ত্র সংশোধনের নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়। এর আগে আওয়ামী লীগকেও নির্দেশনা দিয়েছিল কমিশন। নির্দেশনা মেনে আওয়ামী লীগ গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দেয়।গত জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন আইন অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন করেছিল জামায়াত। সে সময় বেশ কয়েকটি মৌলিক বিষয়ে গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়। নিবন্ধন লাভের জন্য জামায়াত দীর্ঘদিনের অবস্থান ত্যাগ করে আল্লাহ্র আইন প্রতিষ্ঠার বিষয়টিও গঠনতন্ত্র থেকে বাদ দেয়। এ ছাড়া অমুসলিমদের দলে নেওয়া, মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দেওয়াসহ বিভিন্ন বিষয় সংযোজন-বিয়োজন করে। নির্বাচনের পর ২০০৯ সালের জুলাই মাসে নির্বাচন কমিশনে চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেয় জামায়াত। এরপর কমিশনের গঠনতন্ত্র পর্যালোচনা কমিটি সেই গঠনতন্ত্র যাচাই-বাছাই করে গত সপ্তাহে জামায়াতকে চিঠি দেয়।যেসব ধারায় কমিশনের আপত্তি: জামায়াতের গঠনতন্ত্রের কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। ধারাগুলো হলো ২(৫), ৩(১), ৬(৪), ৭ ও ১১। এ ছাড়া জামায়াতকে ১৬(২.খ) ধারা স্পষ্ট করতে বলা হয়েছে।২(৫) ধারায় বলা হয়েছে, ‘আল্লাহ্ ব্যতীত অপর কাহাকেও বাদশাহ, রাজাধিরাজ ও সার্বভৌম ক্ষমতার মালিক মানিয়া লইবে না, কাহাকেও নিরঙ্কুশভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারী মনে করিবে না, কাহাকেও স্বয়ংসম্পূর্ণ বিধানদাতা ও আইনপ্রণেতা মানিয়া লইবে না এবং আল্লাহ্র আনুগত্য ও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় এমন সকল আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে। কেননা স্বীয় সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টিলোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ্ ব্যতীত অপর কাহারো আসলেই নেই।’নির্বাচন কমিশন মনে করে, এই ধারার মাধ্যমে জনগণের রায়ে নির্বাচিত সংবিধান ও জাতীয় সংসদের আইন প্রণয়নের ক্ষমতাকে অবমাননা করা হয়েছে। ৩(১) ধারায় বলা হয়েছে, ‘ইসলামী মূল্যবোধের উজ্জীবন ও জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে সর্বপ্রকার অভ্যন্তরীণ ও বৈদেশিক হুমকি এবং বিশৃঙ্খলা হইতে রক্ষা করিবার প্রচেষ্টা চালানো।’৬(৪) ধারায় বলা হয়েছে, ‘ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠাকল্পে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থায় বাঞ্ছিত সংশোধন আনয়নের উদ্দেশ্যে নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে সত্ ও খোদাভীরু নেতৃত্ব কায়েমের চেষ্টা করা।’৭ ধারায় বলা হয়েছে, ‘এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক না রাখেন, যাহার মূলনীতি উদ্দেশ্য ও লক্ষ্য ইসলামের আক্বিদা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশ্য, লক্ষ্য এবং কর্মনীতির পরিপন্থী।’১১ ধারায় বলা হয়েছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি ও অর্থনৈতিক কর্মসূচির সহিত একমত পোষণ করিলে যেকোনো অমুসলিম নাগরিক ইহার সহযোগী সদস্য হইতে পারিবেন।’এ জন্য অমুসলিমদের জন্য কয়েকটি শর্ত রেখেছে জামায়াত। এগুলো হলো, তিনি জামায়াতের নিয়মশৃঙ্খলা বা সিদ্ধান্তসমূহ নিষ্ঠার সহিত মানিয়া চলিবেন। জামায়াতের সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য একনিষ্ঠ ভূমিকা পালন করিবেন। উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন করিবেন না।১৬(২খ) ধারায় বলা আছে, জামায়াতের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে জানমাল দিয়া চেষ্টা করাকেই নিজের প্রধানতম কর্তব্য বলিয়া মনে করিবেন। নির্বাচন কমিশনের গঠনতন্ত্র যাচাই-বাছাই কমিটির একজন সদস্য বলেন, সংবিধানের সঙ্গে জামায়াতের গঠনতন্ত্রের এই বিষয়গুলো সামঞ্জস্যপূর্ণ নয়। নিবন্ধন আইনে বলা আছে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছুই গঠনতন্ত্রে থাকতে পারবে না। তিনি বলেন, কমিশন আওয়ামী লীগকেও ছাড় দেয়নি। এসব ধারা সংশোধন না করে দিলে জামায়াত কোনোভাবেই নিবন্ধন পাবে না।জামায়াতের বক্তব্য: দলের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান প্রথম আলোকে বলেন, গত রোববার তাঁদের কাছে চিঠি এসেছে। সেই দিনই দলের শীর্ষস্থানীয় নেতারা এই চিঠি নিয়ে বৈঠক করেছেন। তাঁরা কমিশনের মতের সঙ্গে এক হতে পারছেন না। তিনি বলেন, ‘আমরা মনে করছি আমাদের গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিছু নেই। কমিশন কেন মনে করছে, এ বিষয়টা জানার চেষ্টা করব। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছি।’দলের কেন্দ্রীয় কর্ম পরিষদের একজন প্রভাবশালী সদস্য বলেন, নির্বাচন কমিশনের মতই সব হতে পারে না। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রয়োজনে আদালতে যাওয়া হবে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের যাচাই-বাছাই কমিটি মনে করছে, কিছু বিষয় নিবন্ধন আইন ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাদেরকে এসব সংশোধন করে দিতে হবে।’জামায়াতের নেতাদের মনোভাবের কথা জানানো হলে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের সঙ্গে তো কথা বলতে হবে। যদি দেখি আমরা ভুল করেছি, তা হলে একটা উপায় বের হবে। আর আমরাও যদি তাদের বোঝাতে পারি, তাঁরাও নিশ্চয় পরিবর্তন করবেন। তবে আইনের সঙ্গে মিল রেখেই দলের গঠনতন্ত্র হতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’