আল্লাহকে একমাত্র আইনপ্রণেতা মেনে নেওয়ার ধারণা থেকে সরে গেছে জামায়াতে ইসলামী। আগামী মাসে মজলিসে শুরার বৈঠকে দলের গঠনতন্ত্র থেকে আল্লাহকে একমাত্র আইনপ্রণেতা মেনে নেওয়াসংক্রান্ত শব্দগুচ্ছ বাদ দেওয়া হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে নীতিগতভাবে একমত হয়েছে জামায়াত।দলীয় গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে গতকাল সোমবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াত। কমিশন থেকে জামায়াতের গঠনতন্ত্রের মোট ছয়টি ধারার ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল। বলা হয়েছিল, ছয়টি ধারা সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের (আরপিও) সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ব্যাপারে গতকালের বৈঠকে জামায়াতের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়েছে, জামায়াতের গঠনতন্ত্রের ২/৫ ধারা থেকে ‘কাহাকেও স্বয়ংসম্পূর্ণ বিধানদাতা ও আইনপ্রণেতা মানিয়া লইবে না এবং আল্লাহর আনুগত্য ও তাঁহার দেওয়া আইন পালনের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, এমন সকল আনুগত্য মানিয়া লইতে অস্বীকার করিবে’ শব্দগুচ্ছ বাদ দেওয়া হবে। বক্তব্যে আরও বলা হয়, কমিশনের শর্তানুযায়ী ৫/২ ধারার এই অংশটুকু আগেই বাদ দেওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের পর ভুলক্রমে ছাপা হয়ে গেছে। জামায়াত ২০২০ সালের মধ্যে দলের সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিধান গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করার শর্তও মেনে নিয়েছে। অন্য যেসব ধারার ব্যাপারে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছে, সে ব্যাপারে একমত হতে পারেনি জামায়াত। গঠনতন্ত্রের ৩ ধারা সম্পর্কে জামায়াতের বক্তব্যে বলা হয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যদি তাদের গঠনতন্ত্রে মার্ক্স-এঙ্গেলসের আদর্শের ভিত্তিতে সমাজ গঠনের তাগিদ দিতে পারে, সেক্ষেত্রে জামায়াত কেন ইসলামি কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না। ৭ ধারা সম্পর্কে জামায়াতের বক্তব্যে বলা হয়েছে, অমুসলিমেরা যদি তাঁদের ধর্মীয় স্বকীয়তা বজায় রেখে জামায়াতের সদস্য হতে পারে, তাতে কারও আপত্তি যুক্তিসঙ্গত নয়। কিন্তু কমিশনের মতে, অমুসলিমদের জামায়াতের সদস্য হওয়ার বিষয়টি সংবিধানসম্মত নয়। আরপিওর ৯০ বি (১) ধারার বিধান অনুযায়ী, রাজনৈতিক দলের সব স্তরের কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করতে হবে। কিন্তু জামায়াতের গঠনতন্ত্রের ১৮/৪ ধারা অনুযায়ী দলের মজলিসে শুরার ১৫ শতাংশ সদস্যকে মনোনীত করা হয়। এ বিষয়ে জামায়াতের লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ামী লীগের কমিটি গঠনের ব্যাপারে কোনো ফোরাম অনুসরণ করা হয় না। ব্যক্তির একক সিদ্ধান্তে কমিটি গঠিত হয়। কিন্ত জামায়াত গঠনতন্ত্র অনুযায়ী সব স্তরের কমিটি নির্বাচনের মাধ্যমেই গঠন করে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা, কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠক শেষে মুজাহিদ বলেন, ‘আমাদের দলীয় গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দলের গঠনতন্ত্রের একটি ধারার বিশেষ একটি লাইন বাদ দেব বলে নির্বাচনের আগেই কমিশনকে কথা দিয়েছিলাম। ভুলবশত সেটি পুনরায় ছাপা হয়ে গেছে। সেটি আমরা গঠনতন্ত্র থেকে বাদ দেওয়ার ব্যাপারে কমিশনের সঙ্গে একমত হয়েছি। ২০২০ সালের মধ্যে সর্বস্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার বিষয়েও আমরা একমত হয়েছি।’ মুজাহিদ বলেন, ‘এর বাইরে আরও কিছু বিষয়ে কমিশন আপত্তি জানিয়েছে। আমরা বলেছি, বিষয়গুলোর সঙ্গে আমাদের সংবিধান বা আরপিওর কোনো বিরোধ নেই। এ বিষয়ে কমিশন পর্যালোচনা করে পরে আমাদের জানাবে। তাদের মতামত পাওয়ার পর জুলাইয়ে মজলিসে শুরার বৈঠকে গঠনতন্ত্র সংশোধন করা হবে।’সিইসি শামসুল হুদা সাংবাদিকদের বলেন, ‘আমরা মোট ছয়টি বিষয়ে আপত্তি জানিয়েছি। দুটি ধারা সংশোধনের ব্যাপারে তাঁরা আমাদের সঙ্গে একমত হয়েছেন। অন্যান্য বিষয়ে তাঁরা আমাদের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। তাঁরা ইসলামি সমাজব্যবস্থা কায়েম করতে চান। আমাদের মনে হয়েছে, এই ধারাটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, সংবিধান ধর্ম ও বর্ণবৈষম্য অনুমোদন করে না। আমরা তাঁদের বক্তব্য পর্যালোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাব।’