গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দেওয়া হচ্ছে জামায়াতকে
গঠনতন্ত্রে ত্রুটি থাকায় তা সংশোধনের তাগিদ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের বিবেচনায় জামায়াতে গঠনতন্ত্রের কয়েকটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, যা নিবন্ধন শর্তের পরিপন্থী। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক আজ বৃহস্পতিবার প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াতকে চিঠি পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। ঈদের ছুটির পরপরই তাদের চিঠি পাঠানো হবে। কমিশন সচিবালয় সূত্র জানায়, গত আগস্টে কমিশন সচিবালয়ের আইন শাখা জামায়াতের গঠনতন্ত্র পর্যালোচনা করে সংবিধান পরিপন্থী ধারাগুলো চিহ্নিত করে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা কমিশনের বৈঠকে নথি উত্থাপন করে। তাতে বলা হয়েছে, এ পর্যন্ত কয়েক দফায় জামায়াতকে ডেকে এনে গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দেওয়া হয়েছে। প্রতিবারই তারা গঠনতন্ত্র থেকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরে তাদের মূদ্রিত গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা গেছে, আপত্তিকর ধারাগুলো বহাল আছে। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-সি ধারায় রাজনৈতিক দলের নিবন্ধন শর্তে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রের উদ্দেশ্যসমূহ সংবিধান পরিপন্থী হতে পরাবে না। গঠনতন্ত্রে ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা ও লিঙ্গভেদে কোনো বৈষম্য থাকতে পারবে না। সূত্র জানায়, বর্তমানে জামায়াতের যে গঠনতন্ত্র আছে, তাতে ভূমিকার শেষ অনুচ্ছেদ এবং ২(৫) ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।২০০৮ সালে নিবন্ধিত হওয়ার আগে জামায়াত যে ছায়া গঠনতন্ত্র জমা দিয়েছিল, তা থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ ও সংবিধান পরিপন্থী ধারাগুলো বাদ দেওয়া হয়েছিল। এমন কি দলের নাম পরিবর্তন করে ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ থেকে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ করে। গঠনতন্ত্রের ভূমিকায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রশস্তি গেয়ে একটি অনুচ্ছেদও সংযোজন করা হয়।