গঠনতন্ত্রে ত্রুটি সত্ত্বেও আ.লীগ ও বিএনপিকে ইসির ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির গঠনতন্ত্রে গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী থেকেই গেল। দল দুটি কৌশলে তাদের গঠনতন্ত্রে ছাত্র, শ্রমিক ও প্রবাসের সংগঠনকে স্বীকৃতি দেওয়ার বিধান বহাল রেখেছে। আর নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে তাদের ছাড় দেওয়ার নীতি গ্রহণ করেছে। তবে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সঙ্গে সাংঘর্ষিক এবং অন্যান্য ত্রুটির কারণে কমিশন অপর আটটি দলকে গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলগুলো হলো: জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, গণফোরাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফ্রন্ট। দু-চার দিনের মধ্যেই এসব দলকে চিঠি দেওয়া হবে বলে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক গতকাল সোমবার প্রথম আলোকে জানিয়েছেন।নির্বাচর কমিশন সূত্র জানায়, বর্তমানে নিবন্ধিত ৩৮টি দলই ২০০৮ সালে নির্বাচন কমিশনে ছায়া (অননুমোদিত) গঠনতন্ত্র জমা দিয়ে নিবন্ধিত হয়েছিল। পরে দলগুলো সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন করে এবং তা কমিশনে জমা দেয়। কমিশন ২০১০ সালের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত কয়েক দফায় বিভিন্ন দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে। সর্বশেষ গত জুনে কমিশন নতুন করে দলগুলোর গঠনতন্ত্র পর্যালোচনা শুরু করে। এ পর্যায়ে ১৪টি দলের গঠনতন্ত্র যাচাই করা হয়। কিন্তু আওয়ামী লীগ-বিএনপির গঠনতন্ত্রে ত্রুটি থাকলেও এ দুটি দলের গঠনতন্ত্র পর্যালোচনার জন্য গ্রহণ করা হয়নি। এর কারণ জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, আগের কমিশন আওয়ামী লীগ ও বিএনপির গঠনতন্ত্রকে অনুমোদন দিয়ে গেছে। তাই নতুন করে এ দুটি দলের গঠনতন্ত্র পর্যালোচনা করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র, বিভিন্ন পেশার সদস্য এবং আর্থিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের সমন্বয়ে অঙ্গ বা সহযোগী সংগঠন করতে পারবে না। তবে শিক্ষক, ছাত্র, শ্রমিক, বা চাকরিজীবীরা নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে সংগঠন করতে পারবেন। এ ছাড়া দলের গঠনতন্ত্রে দেশের ভৌগোলিক সীমানার বাইরে কোনো দপ্তর, শাখা বা কমিটি গঠন বা পরিচালনার বিধান রাখা যাবে না। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপির গঠনতন্ত্রে অঙ্গসংগঠন ও প্রবাসের শাখা খোলার স্বীকৃতি দেওয়া হয়েছে।জানতে চাইলে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বলেন, ‘নির্বাচন কমিশন এক দফা দলের গঠনতন্ত্র সংশোধনের তাগিদ দিয়ে চিঠি দিয়েছিল। সে অনুযায়ী আওয়ামী লীগ গঠনতন্ত্র সংশোধন করে দিয়েছে। তারপর এ বিষয়ে কমিশন থেকে আর কোনো আপত্তি জানানো হয়নি। তাই গঠনতন্ত্রে কোনো ত্রুটি আছে বলে আমরা মনে করি না।’ আর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেন, ‘বিএনপি গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান মেনে গঠনতন্ত্র সংশোধন করে জমা দিয়েছে। কোনো সমস্যা থাকলে নিশ্চয় নির্বাচন কমিশন জানাত।’