গণ-অনশনে অংশ নিতে ইলিয়াস কাঞ্চনের আহ্বান
চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলন নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আমাদের আন্দোলন কারোর বিরুদ্ধে নয়। এ আন্দোলন সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে।’ আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবারে তিনি এ কথা বলেন।নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি ইলিয়াস কাঞ্চন ২২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অনশন কর্মসূচিতে অংশ নিতে দেশের সুশীল সমাজ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সামাজিক সংগঠন, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান। সড়ক দুর্ঘটনা রোধে ১৪ দফা দাবি বাস্তবায়ন না করায় সংগঠনটি শনিবার সকাল ১০ থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতীকী গণ-অনশন কর্মসূচির ডাক দেয়।সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন এ কর্মসূচিতে অংশ নিতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।এ ছাড়া গণ-অনশন কর্মসূচিতে অংশ নিতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যাঁরা ছয় ঘণ্টার গণ-অনশনে নিতে অপারগ, তাঁরা দিনের যেকোনো সময় অন্তত একবারের জন্য হলেও আমাদের দাবির প্রতি সংহিত প্রকাশ করে যাবেন।’সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব শামীম আলম, যুগ্ম মহাসচিব উম্মে আরা মিতা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।