গণ-অনশনের ঘোষণা দিলেন ইলিয়াস কাঞ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরযান চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করাসহ নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে ১৪ দফা দাবি আদায়ে আগামী ২২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী গণ-অনশনের ডাক দিয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের নেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে তিনি এই ডাক দেন।ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ওই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।অন্যান্য দাবির মধ্যে রয়েছে: সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, এসএসসি পাস ছাড়া চালককে লাইসেন্স না দেওয়া, ওভারব্রিজ থাকার পরও যারা তা ব্যবহার করে না, তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা ইত্যাদি।‘মানববন্ধনে নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, একের পর এক সড়ক দুর্ঘটনায় সাধারণ জনগণ মৃত্যুবরণ করছে, কিন্তু সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। চালকদের ভয়ে তারা হাত গুটিয়ে আছে। এ কারণে সম্মিলিতভাবে চাপ সৃষ্টি করার জন্য ২২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী গণ-অনশনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মানববন্ধন শুরুর আগে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করেন।