নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান
গণ-অভ্যুত্থানের জন্য ঢাকায় যেতে হতে পারে: খালেদা
সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের জন্য রোডমার্চ করে রাজধানী অভিমুখে যেতে হতে পারে। এ জন্য দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। তিনি সরকারবিরোধী আন্দোলনকারীদের সহযোগিতা করার জন্য পুলিশের প্রতিও আহ্বান জানান।সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন চার দল গতকাল মঙ্গলবার উত্তরবঙ্গ অভিমুখে এই রোডমার্চ শুরু করেছে। কর্মসূচি অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে গিয়ে শেষ হওয়া দ্বিতীয় এই রোডমার্চ থেকে গতকাল গাজীপুরের কালিয়াকৈর, সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভা এবং বগুড়ায় জনসভায় বক্তব্য দেন খালেদা জিয়া। প্রথম রোডমার্চটি হয় ১০ অক্টোবর সিলেট অভিমুখে।গতকাল বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এখন আমরা রোডমার্চ করে ঢাকার বাইরে যাচ্ছি। কিন্তু এরপর বাইরে থেকে ঢাকায় যেতে হতে পারে। গণ-অভ্যুত্থানের জন্য রাজধানী অভিমুখে যেতে হতে পারে।’বিএনপির চেয়ারপারসন বলেন, দল হিসেবে টিকে থাকতে হলে আওয়ামী লীগকেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আসতে হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। গাজীপুরের কালিয়াকৈরে প্রথম পথসভায় সরকারবিরোধী আন্দোলনকারীদের সহযোগিতা করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ এরশাদকে নিয়ে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়। এরশাদকে বিরোধীদলীয় নেতা করতে চায়। কিন্তু এদের সেই স্বপ্ন পূরণ হবে না। বগুড়ার জনসভায় খালেদা জিয়া বলেন, দুর্নীতির কারণে পদ্মা সেতু নির্মাণ বন্ধ হয়ে গেছে। সরকারের টপ লেভেল (শীর্ষ পর্যায়) থেকে এই দুর্নীতি হয়েছে। এই সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত সবাই দুর্নীতিবাজ। ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সরকারের দিন শেষ হয়ে গেছে। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে বিএনপির নেত্রী বলেন, এই বিচার দল ও জোটকে ধ্বংস করার জন্য। তাই অবিলম্বে এই বিচার বন্ধ করে আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠন করে বিচারকাজ শুরু করুন। তিনি আটক ব্যক্তিদের মুক্তির দাবি করেন।বিরোধীদলীয় নেতা তরুণদের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে বলেন, রাস্তায় নামা ছাড়া বাঁচার আর কোনো পথ নেই। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের সুশিক্ষিত করবে। তাদের জন্য কাজের ব্যবস্থা করবে। এরপর তাদের প্রস্তুত করে রাষ্ট্র পরিচালনায় আনা হবে। খালেদা জিয়া বলেন, ‘আমি দেশ রক্ষার ডাক দিতে এসেছি। আপনারা শরিক হোন। স্বাধীনতাযুদ্ধ করেছি। আরেকটি যুদ্ধ করব দেশ রক্ষার জন্য।’সিরাজগঞ্জের পথসভায় খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, যুদ্ধ করেছে বিএনপির নেতারা। আওয়ামী লীগ ছিল ওপারে। রণাঙ্গনে যাঁরা যুদ্ধ করেছেন, তাঁরাই প্রকৃত যোদ্ধা। তাই বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ অন্য একটি দেশের পক্ষের। এ দেশের পররাষ্ট্র নীতি, অর্থনীতি এবং প্রতিরক্ষা নীতি এখন অন্য একটি দেশ নিয়ন্ত্রণ করছে। উত্তরাঞ্চল অভিমুখে রোডমার্চের গতকাল ছিল প্রথম দিন। ঢাকা থেকে তিনটি জেলার ওপর দিয়ে রোডমার্চটি বিকেলে বগুড়া পৌঁছায়। সেখানে জনসভার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়। বগুড়ায় অবস্থান করে আজ সকালে রোডমার্চটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হবে। সেখানে জনসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। যাত্রা শুরু: গতকাল ঢাকার উত্তরা থেকে হাজার খানের গাড়ি নিয়ে রোডমার্চ শুরু হয়। তবে বগুড়া পর্যন্ত পাঁচ শর মতো গাড়ি বহরে ছিল। বিকেলে রোডমার্চ বগুড়ায় পৌঁছালে সেখানে হাজার হাজার নেতা-কর্মী গাড়িবহরকে স্বাগত জানান। তাঁদের স্লোগানে আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।বিভিন্ন সমাবেশে খালেদা জিয়া সরকারের ব্যর্থতা তুলে ধরেন এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের জন্য কী করবে, তার প্রতিশ্রুতি দেন। খালেদা জিয়া ভারতকে ট্রানজিট দেওয়ার বিরোধিতা করেন। রোডমার্চ ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রশাসনও রোডমার্চ শান্তিপূর্ণ রাখতে সর্বাত্মক চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর। সকাল ১০টার দিকে উত্তরা থেকে বিশ্বরোড এবং উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত রোডমার্চে অংশ নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের গাড়ির সারি দেখা যায়। সেখানে প্রায় সহস্রাধিক গাড়ি ছিল। তবে বিএনপি দাবি করেছে, এই রোডমার্চে প্রায় তিন হাজার গাড়ি ছিল। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও তাঁর বাসভবনের সামনেও ছিল গাড়ির লম্বা সারি। গাড়িগুলোতে খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তারেক রহমানের পোস্টার বহন করা হয়। রোডমার্চে অংশ নেওয়া গাড়ির বেশির ভাগই ছিল মাইক্রোবাস ও সিডান কার। ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য নির্ধারিত রুটের প্রতিটি জনবহুল এলাকায় তোরণ নির্মাণ করে স্থানীয় বিএনপি। এ ছাড়া বড় বড় ব্যানারে স্থানীয় বিএনপির নেতারা খালেদা জিয়া ও তারেক রহমানের পাশে নিজেদের হাস্যোজ্জ্বল ছবি ব্যবহার করেছেন। জনবহুল এলাকা দিয়ে গাড়িবহর পার হওয়ার সময় বিএনপির নেতা-কর্মীরা ফুল ছিটিয়ে স্বাগত জানিয়েছেন। স্থানীয় নেতারা ফুলের তোড়া ও মালা দিয়ে প্রতিটি পথসভার স্থানে খালেদা জিয়াকে স্বাগত জানান। তীব্র যানজট: রোডমার্চের কারণে ঢাকা-বগুড়া মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। দুই দিকের যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। রাস্তায় সভার কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়েছে। নারী-শিশুদের বেশি কষ্ট ভোগ করতে হয়।