গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে
গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে। সে লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাসাস আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে তরিকুল ইসলাম এ আহ্বান জানান। বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানের ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।তরিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশ-বিদেশের চক্রান্তকারীদের ওপর ভর করেই ক্ষমতায় এসেছে। এই স্বৈরাচারী সরকারকে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হবে।বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী চক্রান্ত করেই জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। এর মধ্যে তারেক রহমান একজন। যতই মিথ্যাচার করুন, তারেক রহমান সত্যিকার গণমানুষের নেতা হিসেবেই দেশে ফিরে আসবেন।শোভাযাত্রার আগে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সম্পাদক গাজী মাজহারুল হক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাসাসের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক মনির খান।সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বিজয়নগর, পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।