গণ-আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত হয়েছে: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এই গণ-আন্দোলনে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের জাতীয় নির্বাহী কমিটির বৈঠক শুরু করে তিনি এ বক্তব্য দেন।খালেদা জিয়া আন্দোলনের বিভিন্ন বিষয়ে নির্বাহী কমিটির সদস্যদের গঠনমূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানান। এখন কমিটির সদস্যরা বক্তব্য রাখছেন। ধারাবাহিকভাবে এই বক্তব্য চলবে রাত নয়টা পর্যন্ত। বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাহী কমিটির সদস্যরা সাংগঠনিক দুরাবস্থা ও কোন্দল কাটিয়ে ওঠার উপায় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলন কর্মসূচির বিষয়ে বক্তব্য দিচ্ছেন। প্রসঙ্গত, এ বছরের জানুয়ারি মাসে কমিটি গঠনের পর আজ নির্বাহী কমিটির সভা হচ্ছে। ৩৮৪ সদস্যের এই কমিটির সব সদস্য, স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি সভায় অংশ নিচ্ছেন।