চট্টগ্রামে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা
গণ-আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন নেতারা
বিএনপির নেতারা অভিযোগ করেছেন, এই সরকার গ্যাস, বিদ্যুৎ আর পানি দিতে পারছে না। সর্বস্তরে সন্ত্রাসের বিস্তার ঘটেছে। ছাত্রলীগ ও যুবলীগ এখন নিয়ন্ত্রণহীন। দেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না। গণ-আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে উত্খাত করতে হবে। তাই আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন। প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের ১১টি সাংগঠনিক জেলার চার হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেন। সাংগঠনিক জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা ও কুমিল্লা উত্তর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া। সভায় বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং সাংসদ উপস্থিত ছিলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুব উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান মোহাম্মদ, সিদ্দিক আহম্মদ চৌধুরী, আ ন ম মুনির আহমেদ চৌধুরী, চিকিৎসক খুরশিদ জামিল। অনুষ্ঠান পরিচালনা করেন সাংসদ বরকত উল্লা ও সাবেক সাংসদ মো. শাহজাহান। দলীয় সূত্র জানায়, বিতর্ক এড়াতে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী—উভয়কে বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়। গত ১৬ নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে নগর বিএনপির সম্মেলন পণ্ড হয়। তখন থেকে নোমান ও খসরুর মধ্যে দূরত্ব বাড়তে থাকে।সভায় খন্দকার মোশাররফ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনতে তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘চট্টগ্রামের তৃণমূল নেতাদের মধ্যে আদর্শিক কোনো দ্বন্দ্ব নেই। কারণ, আমরা সবাই জিয়ার সৈনিক। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী।’প্রতিনিধি সভার প্রধান সমন্বয়ক মির্জা আব্বাস সংস্কারপন্থীদের সমালোচনা করে বলেন, এক-এগারোর পর তারা বেগম জিয়া, তারেক রহমান ও জিয়ার পরিবারকে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করেছিল। তাদের চিহ্নিত করতে হবে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘জিয়াকে স্বাধীনতার ঘোষক বলায় রাষ্ট্রদ্রোহিতার মামলা হলে বর্তমান সরকারের মন্ত্রী এ কে খন্দকার, সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সাবেক রাষ্ট্রপতি রেড্ডির বিরুদ্ধে আগে মামলা হওয়া উচিত।’ তিনি তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ কান্ডারি উল্লেখ করে বলেন, বর্তমান সরকার তারেককে ভয় পায় বলে দেশে আসতে দিচ্ছেন না।শওকত মাহমুদ নিজেকে নিরপেক্ষ সাংবাদিক দাবি করে বলেন, বর্তমান সরকারের ১৫ মাসের শাসনকালে সারা দেশে এক হাজারেরও বেশি সাংবাদিক নির্যাতিত হয়েছেন। মারা গেছেন চারজন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতারা দুই সাংবাদিককে পিটিয়েছেন। বর্তমান সরকার বিচার ও আইন বিভাগকে চেপে ধরেছে।