গণক নই, তিস্তা চুক্তি সইয়ের দিনক্ষণ বলতে পারব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘তিস্তা চুক্তি সই নিয়ে দেড়-দুই বছরে এত হতাশ হয়ে পড়ার কী আছে! চুক্তি সইয়ের ব্যাপারে আমি আশাবাদী। তবে দিনক্ষণ বলাটা সম্ভব নয়। কারণ আমি গণক নই।’গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গত তিন সপ্তাহজুড়ে তাঁর বিদেশ সফরের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।প্রায় এক ঘণ্টার সংবাদ সম্মেলনে তিনি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন ও জার্মানিতে সমুদ্রসীমার শুনানির বিষয়ে বক্তব্য তুলে ধরেন। তবে প্রশ্নোত্তরপর্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশেষ করে, তিস্তার পানি বণ্টন চুক্তি সই না হওয়া, আশুগঞ্জ হয়ে ট্রানশিপমেন্টের মাধ্যমে ত্রিপুরায় পণ্য পরিবহনের পরীক্ষামূলক চলাচল, দুই প্রতিবেশী দেশ সম্পর্কে উপদেষ্টাদের ভূমিকার যৌক্তিকতা—এসব নিয়ে দীপু মনির কাছে জানতে চান সাংবাদিকেরা।তিস্তা চুক্তি নিয়ে দেশের মানুষের হতাশা নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়ে দীপু মনি বলেন, ‘দেড়-দুই বছরে এত হতাশ হয়ে পড়ার কী আছে!’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ৪০ বছরে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরাই তো গঙ্গার পানি বণ্টন চুক্তি করেছি। এবার সরকার ক্ষমতায় আসার পর তিস্তা চুক্তি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনার পর যথেষ্ট অগ্রগতি হয়েছে। তিস্তা চুক্তি সই না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশাহত হয়েছেন। সে অবস্থায় দেশে আপনারা এত আশাহত হচ্ছেন, আমি তো তার কোনো কারণ দেখছি না।’এ সময় কবে চুক্তি সই হবে প্রশ্ন করলে উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেটি ভবিষ্যতে হবে, সেটির দিনক্ষণ তো আমি বলতে পারি না। কারণ, আমি তো গণক নই।’বিরক্তি নিয়ে এসব কথা বললেও মনমোহন সিং আসার আগের রাতেও অর্থাৎ গত ৫ সেপ্টেম্বর তিস্তা চুক্তি নিয়ে আশাবাদের কথা শুনিয়েছিলেন দীপু মনি। ওই দিন ভারতের পররাষ্ট্রসচিব ‘তিস্তা চুক্তি হবে না’ জানিয়ে দেওয়ার পরও দীপু মনি বলেছিলেন, ‘ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই না হওয়ার ব্যাপারে কোনো চিঠি পাইনি। তাই আমরা আশা করি, দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে অন্যান্য চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকের পাশাপাশি তিস্তার পানি বণ্টন চুক্তিটিও সই হবে।’এর আগে ৭ জুলাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার পাশে বসেই দীপু মনি বলেছিলেন, ‘ন্যায্যতা ও যৌক্তিক অংশীদারির ভিত্তিতে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মনমোহন সিংয়ের সফরেই চুক্তিটি সই করতে পারব।’ আবার মনমোহন সিং ফিরে যাওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বলেছিলেন, তিন মাসের মধ্যে তিস্তা চুক্তি সই হবে।রাজনৈতিক সম্পৃক্ততার অভাবে মনমোহনের সফরে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি, এ প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী কার্যত প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার পক্ষে সাফাই গেয়েছেন। দীপু মনি বলেন, ‘এ প্রক্রিয়ায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই—এমনটা মনে করার কোনো কারণ দেখি না। গত দেড় বছরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার অন্তত ২০ বার বিভিন্ন দেশে দেখা-সাক্ষাৎ হয়েছে। এ ছাড়া আমরা যাঁরা বিভিন্ন পদে রয়েছি, তাঁদের মধ্যেও আলোচনা হয়েছে। এর পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মনমোহনের সিংয়ের সফরের আগে একাধিকবার ঢাকায় এসেছেন। আর প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাও কয়েকবার ভারতে গেছেন। আমাদের যে রাজনৈতিক উদ্যোগ, তার সম্পূরক পদক্ষেপই হচ্ছে বিশিষ্ট এ ব্যক্তিদের উদ্যোগ। কাজেই রাজনীতিবিদদের সম্পৃক্ততা নেই—এমনটা মনে করার সুযোগ নেই।’ত্রিপুরায় পণ্য পরিবহন বিনা মূল্যে নয়: ট্রানশিপমেন্টের আওতায় আশুগঞ্জ নৌবন্দর হয়ে ত্রিপুরায় পণ্য পরিবহনের ক্ষেত্রে মাশুল সারচার্জ আদায় প্রসঙ্গে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘প্রচলিত প্রক্রিয়ায় যেসব সারচার্জ নেওয়ার কথা রয়েছে, তার সবটাই আদায় করে ভারতের ত্রিপুরা রাজ্যে পণ্য পরিবহন করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।’পরীক্ষামূলকভাবে চলছে বলে কোনো রকম মাশুল আদায় হচ্ছে না বলে অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ বক্তব্য নাকচ করে দেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি তো ট্রায়াল রান (পরীক্ষামূলক চলাচল)। ট্রানজিটের প্রস্তুতি হিসেবে এটি করা হচ্ছে। রাস্তাঘাট বা বন্দরের কোথায় কীভাবে কী হবে, তা দেখাই এর উদ্দেশ্য। এটির সিদ্ধান্ত তো আগেই নেওয়া হয়।’ট্রানজিট চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রানজিটের জন্য নতুন চুক্তির প্রয়োজন নেই, ১৯৭২ ও ১৯৮০ সালে স্বাক্ষরিত চুক্তি এবং পরবর্তী সময়ে তা নবায়নের মাধ্যমে ট্রানজিটের বিষয়টি আছে। এখন শুধু নতুন কিছু আইনি কাঠামোর আওতায় নয়া কয়েকটি প্রটোকল সই করতে হবে। ট্রানজিট মাশুল নির্ধারণের জন্য কোর কমিটি কাজ করছে।’প্রসঙ্গত, মনমোহনের সফরের দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাও একই ধরনের কথা বলেছিলেন। অথচ তখনো ভারতের পক্ষ থেকে চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে ট্রানজিট পেতে নতুন চুক্তি সইয়ে বাংলাদেশকে রাজি করাতে মরিয়া ছিল।সমুদ্রসীমার নিষ্পত্তি ২০১৪ সালের মধ্যেই!: দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তি হবে ২০১৪ সালের এপ্রিলের মধ্যেই। গতকাল এমনটাই দাবি করলেন দীপু মনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জার্মানির হামবুর্গে আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনালে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের শুনানি শেষ হয়েছে। আগামী বছরের ১৪ মার্চের মধ্যেই এ শুনানির ফলাফল পাওয়া যেতে পারে। এর আগেও রায় হয়ে যেতে পারে।’তিনি বলেন, ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তি সালিসি প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে আগামী বছর শুনানি শুরু হবে। আর ২০১৪ সালের এপ্রিলের মধ্যেই এ শুনানির রায় ঘোষণার কথা রয়েছে।