ঘটনাটি বগুড়ার শেরপুরে। দিনটি ছিল ২১ মার্চ। চৈত্রের রোদ্দুরে রাস্তায় তেমন একটা লোকজন বের না হলেও ‘গণকবরের সন্ধান’ সংবাদটি চাউর হতে সময় লাগেনি উপজেলায়। পাকিস্তানি সেনা ও রাজাকারদের নির্যাতনে নিহত লোকজনের এ গণকবরটি ওই দিন সন্ধান মেলে শেরপুর থানা চত্বরে।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম থানার জামে মসজিদের সম্প্র্রসারণের কাজ শুরু করতে গেলে বেরিয়ে আসে এ গণকবর। মাটির নিচ থেকে একে একে বেরিয়ে আসে স্বাধীনতাযুদ্ধে শহীদ হওয়া ১২ জনের মাথার খুলি ও দেহের বিভিন্ন অংশের হাড়গোড়। এ ঘটনাই আবার স্বাধীনতাযুদ্ধের সেই দিনগুলোর স্মৃতি নাড়া দিয়ে যায় এলাকাবাসীকে।সংবাদ পেয়ে ছুটে আসা লোকজনের মধ্যে ছিলেন রিকশাচালক মনছের আলী (৭২)। তাঁর বাড়ি উপজেলার মাগুড়াতাইর গ্রামে। তিনি বর্ণনা করেন, স্বাধীনতাযুদ্ধের সময় এ থানা চত্বরে যা ঘটেছিল। গাছের ছায়ায় একটু নিরিবিলিতে বসে দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, ‘দিনগুলার বারের কথা কইতে পারমু না। যখন যুদ্ধ হয়, তখুন আমি শেরপুর শহরটাত রিকশা চালাই। রিকশা ভাড়া নিয়া কত লোক আসছিল এই থানা এলাকার দিকে। তাগো আত্মীয়-স্বজনরে ধইরা লইয়া আইছিল পাকিস্তানি সেনারা। যখনই থানার দিকে আসি, তখনই থানার ভেতর থ্যাইকা মানুষের গোঙানির শব্দে বুকটা ভার হইয়া যাইতে আছিল। রাজাকারেরা শহর ও গেরামের অনেক লোকজনকে ধইরা মিলিটারির হাতে তুল্যা দিছিল।’ওই সময় থানা হাজতে দুই দিন বন্দী থাকা লোকজনের মধ্যে শহরের সান্যালপাড়া এলাকার ফজলে ইমাম জানান, যুদ্ধের সময় শেরপুর শহর ও শহরতলী এলাকা ছিল রাজাকারদের আস্তানা। স্বাধীনতাযুদ্ধে এলাকাবাসীর জানমাল রক্ষায় তিনিসহ অনেক যুবকই কাজ করেন। কিন্তু আগস্ট মাসে তাঁকে স্থানীয় রাজাকার কালু, সাজ্জাদ, জাফর, হাবিব বিহারি, সলেমান বিহারি, সিদ্দিক বিহারিসহ প্রায় ১০ থেকে ১২ জন বাড়ি থেকে তুলে নিয়ে থানাহাজতে আটকে রাখেন। এরপর তাঁর ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। তিনি আরও জানান, ওই সময় স্থানীয় রাজাকারেরা এলাকার সম্পদশালী ও মুক্তিযোদ্ধাদের সাহায্যকারীদের বাড়ি থেকে তুলে এনে নির্যাতন করত এবং পরে থানায় পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিত। পাকিস্তানি সেনারা তাঁদের হত্যা করত। যাঁরা মারা যেত, তাঁদের লাশ থানার মধ্যে গর্ত খুঁড়ে পুঁতে রাখা হতো। আলাপচারিতার একপর্যায়ে তিনি জানান, কোনো একজনকে থানায় ধরে আনার পর তাঁর মুখে গামছা ঢুকিয়ে পাকিস্তানি সেনারা বন্দুকের বাঁট ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করত।মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার জানান, স্বাধীনতাযুদ্ধের সময় শেরপুর থানার ওসি ছিলেন একজন বিহারি। সে সময় স্থানীয় রাজাকারেরা শেরপুরের লোকজনকে বেছে বেছে ধরে এনে থানায় হত্যা করত। আজ স্বাধীনতার ৩৮ বছর পর সেই সব শহীদদের গণকবর বের হয়ে আসছে।থানা চত্বরের মধ্যে গণকবর দেখতে আসা লোকজনদের মধ্যে সন্তোষ সরকার, কবির হোসেন, আমজাদ হোসেন ও নজরুল ইসলাম জানান, স্বাধীনতাযুদ্ধে স্বজন হারানো বেদনা এখনো তাঁদের পরিবার-পরিজনদের কাঁদায়। তাঁরা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং থানা চত্বরের মধ্যেই শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণের দাবি জানান।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন জানান, স্বাধীনতাযুদ্ধের সময় কৃষ্ট দত্ত, রঞ্জন বসাকসহ বহু নিরীহ লোকজনকে স্থানীয় রাজাকারেরা হত্যা করে। এ রকম আরও গণকবর থানা চত্বরে থাকার সম্ভাবনা রয়েছে।মসজিদ সম্প্র্রসারণের কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে মো. বকুল ও হাতেম আলী জানান, তাঁরা প্রায় সাড়ে তিন ফুট খোঁড়ার পর প্রথমে একটি মাথার খুলি পান। পরে তাঁরা পুলিশের কথামতো মাটি খুঁড়তে থাকলে আরও খুলি ও হাড়গোড় বেরিয়ে আসে।ওসি আমিরুল ইসলাম জানান, ঘটনাটি স্থানীয় সাংসদ হাবিবর রহমান, উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় পদক্ষেপ নেওয়া হবে।