গণগ্রেপ্তার, হয়রানি বন্ধের আহ্বান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, মামলা দিয়ে, গ্রেপ্তার করে ১২ মার্চের ঢাকার মহাসমাবেশ বানচাল করা যাবে না।এম কে আনোয়ার বলেন, জনগণ এই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। আজ শুক্রবার সকালে নগরের বহদ্দারহাট মোড়ে চান্দগাঁও থানা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার এসব কথা বলেন।পথসভায় এম কে আনোয়ার বলেন, এই চট্টগ্রাম থেকেই গত ৯ জানুয়ারি দলের নেত্রী খালেদা জিয়া ‘ঢাকা চলো’ কর্মসূচির ঘোষণা দেন। আর তাই চট্টগ্রামের মানুষ ১২ মার্চ ঢাকার মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত। কোনো বাধা ও ষড়যন্ত্র মহাসমাবেশের জনস্রোতকে ঠেকাতে পারবে না।বহদ্দারহাটের পথসভায় মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির আন্দোলন দেখে সরকার আবার হামলা-মামলা ও নির্যাতন শুরু করেছে। নির্যাতন করে মহাসমাবেশ ঠেকানো যাবে না। তিনি বলেন, রাজধানীতে হোটেল, দোকান-পাট বন্ধ করে কোনো লাভ হবে না। প্রয়োজনে নেতা-কর্মীরা ঢাকায় গিয়ে রাস্তায় থাকবে, মাঠে ঘুমাবে। কারণ জনগণ শেখ হাসিনা সরকারের পতন চায়।পথসভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, শামসুল আলম, আবুল হাশেম প্রমুখ বক্তব্য দেন।