গণগ্রেপ্তার চলছেই, সারা দেশে আটক ১১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বিএনপির ১২ মার্চের কর্মসূচি ও সমাবেশ ঘিরে সারা দেশে বিএনপি-জামায়াতের ১১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ও আজ রোববার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।আমাদের কুষ্টিয়া, পাবনা ও ভোলা অফিস, ভৈরব থেকে নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর, শেরপুর, উলিপুর (কুড়িগ্রাম), পঞ্চগড় ও পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধির পাঠানো খবর: কুষ্টিয়া: কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।জেলা পুলিশের ডিআইও-১ সূত্রে জানা গেছে, গত রাত থেকে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৪১। তাঁরা বিএনপি-জামায়াতের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। আজ সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।পাবনা: জেলার চারটি উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির আরও ২৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত পাঁচ দিনে পাবনায় ৬৮ জনকে গ্রেপ্তার করা হলো।পুলিশের দাবি, নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ১৬, ঈশ্বরদীর ১০ ও সুজানগরের একজন। তাঁরা সবাই জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী।ভৈরব: স্থানীয় হাজি আসমত কলেজের পেছন থেকে আজ সকালে যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সেলিম মিয়া (২৪), রতন মিয়া ( ২২) ও সুমন মিয়া (২০)। সদর থানার ওসি শাহজাহান কবির জানান, গ্রেপ্তারকৃতরা কলেজ ক্যাম্পাসের পেছনে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন। নাশকতার অভিযোগ এনে তাঁদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।এদিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মোল্লাকে আজ বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশনের একটি চায়ের দোকান থেকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, জাহাঙ্গীর মোল্লা কিশোরগঞ্জ থেকে ভৈরবে এসে তাঁর অনুগতদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।তবে পুলিশ হেফাজতে জাহাঙ্গীর মোল্লা সাংবাদিকদের বলেন, ১২ মার্চের ঢাকার সমাবেশে যোগ দিতে তিনি ভৈরব এসেছিলেন। আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন দিয়ে ঢাকা যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁকে ধরে নিয়ে আসে।মাদারীপুর: আজ দুপুর ১২টা পর্যন্ত জেলার চারটি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৫ জনেরও বেশি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জেলা বিএনপির নেতাদের দাবি, পুলিশ বিএনপি ও জামায়াতের ৩৫ জনেরও বেশি নেতা-কর্মীকে আটক করেছে। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন প্রথম আলো অনলাইনকে জানান, সহিংসতা এড়াতে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে আটক করা হয়েছে। এই আটক পুলিশের নিয়মিত কার্যক্রমের একটা অংশ বলেও জানান তিনি। ভোলা: জেলার সাতটি উপজেলায় গতকাল থেকে অভিযান চালিয়ে আজ পর্যন্ত বিএনপি-জামায়াতের ২০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।আজ জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খান অভিযোগ করে বলেন, গতকাল ভোলার বিভিন্ন ঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে চড়ে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ঢাকায় গেছে। পুলিশ পথিমধ্যে তাঁদের মারধরের জন্য ধাওয়া করে পথ রোধ করেছে। এ সময় তাঁদের ২০ নেতা-কর্মী নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন। পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে।এ ছাড়া মনপুরা, চরফ্যাশন, লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় এ পর্যন্ত ২০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। শেরপুর: জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রক্রিয়া চলছে। এরপর তাঁদের শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।উলিপুর: বিএনপির ১২ মার্চের কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশে দূরপাল্লার বাস যোগে ঢাকা যাওয়ার পথে গতকাল রাতে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জামায়াতের দুজন নেতাকে আটক করে পুলিশ।আটক দুজন হলেন উপজেলা জামায়াতের সম্পাদক ও উলিপুর মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক খায়রুজ্জামান (৪৭) এবং পৌর জামায়াতের আমির মশিউর রহমান (৪০)।থানার ওসি হরেশ্বর রায় জানান, তাঁদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পঞ্চগড়: পঞ্চগড়ে আজ দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজিমউদ্দিনকে (২৮) আটক করেছে পুলিশ। তাঁকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে গত তিন দিনে বিএনপি-জামায়াতের ১১ জন নেতা-কর্মীকে আটক করল পুলিশ। পার্বতীপুর: গতকাল থেকে আজ পর্যন্ত অভিযান চালিয়ে পার্বতীপুর শহর ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিএনপি ও জামায়াতের সাতজন কর্মীকে আটক করা হয়েছে।তাঁরা হলেন উপজেলার মধ্যপাড়ার জামায়াতের কর্মী খায়রুল আনাম (২৮), গোবিন্দপুর ভবের বাজার এলাকার বিএনপির কর্মী বুলবুল (৩২), ভবানীপুরের আলামিন (৩০), পার্বতীপুর পৌরসভার নুর নগর মহল্লার রবিউল ইসলাম (৩২), সাহেবপাড়ার আমিনুল (৩৫), নয়াপাড়ার রেজাউল হক (৩৫) ও নতুনবাজার এলাকার আমজাদ হোসেন (৩৩)।থানার ওসি শওকত আলী জানান, আটকের পরপরই তাঁদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আটক অভিযান অব্যাহত রাখতে এখনো পুলিশের তিনটি দল মাঠে রয়েছে।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন তৌহিদী হাসান (কুষ্টিয়া অফিস), সারোয়ার উল্লাস (পাবনা অফিস), সুমন মোল্লা (নিজস্ব প্রতিবেদক, ভৈরব), জহিরুল ইসলাম খান (মাদারীপুর প্রতিনিধি), নেয়ামতউল্যাহ (ভোলা অফিস), কামনাশীষ শেখর (শেরপুর প্রতিনিধি), মঞ্জুরুল হান্নান (উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি), শহীদুল ইসলাম (পঞ্চগড় প্রতিনিধি), আতাউর রহমান (পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি) ও প্রদীপ সরকার (ভেড়ামারা সংবাদদাতা)]