গণজাগরণ মঞ্চ ও জামায়াত হরতাল ডেকেছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করে আগামীকাল মঙ্গলবার পাল্টাপাল্টি হরতাল ডাকা হয়েছে।রায় প্রত্যাখ্যান করে গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল আহ্বান করেছে কয়েকটি প্রগতিশীল ছাত্র ও যুবসংগঠন। জামায়াতে ইসলামীও একই দিন হরতাল ডেকেছে। গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করে তাঁর মুক্তির দাবিতে হরতাল ডেকেছে দলটি।আজ সোমবার মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিভিন্ন প্রগতিশীল ছাত্র-যুবসংগঠন ও রাজনৈতিক দল এ রায় প্রত্যাখ্যান করে ফাঁসির দাবি জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীও এই রায় প্রত্যাখ্যান করেছে। তারা এ রায়কে ‘সরকারঘোষিত ছকে’ দেওয়া রায় আখ্যা দিয়ে গোলাম আযমের মুক্তির দাবি করেছে।গণজাগরণ মঞ্চ, ছাত্র ও যুবসংগঠনের হরতালজামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল আহ্বান করেছে গণজাগরণ মঞ্চসহ প্রগতিশীল ১০টি ছাত্র ও যুবসংগঠন। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এই হরতালে সমর্থন দেয়নি। গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।প্রথম আলো ডটকমকে হরতাল কর্মসূচি সম্পর্কে নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ। তিনি জানান, হরতাল আহ্বানকারী সংগঠনগুলো হচ্ছে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্র ঐক্য ফোরাম, ছাত্র সমিতি, জাসদ ছাত্রলীগ ও যুব ইউনিয়ন। রায়ে সন্তুষ্ট না হলেও আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে হরতালের প্রতি সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘গোলাম আযমের বিরুদ্ধে এ রায়ে আমরা সন্তুষ্ট নই। তবে যেহেতু আদালত রায় দিয়েছেন, সেহেতু আমরা এর প্রতি শ্রদ্ধাশীল। তাই হরতালের কর্মসূচিতে আমাদের সমর্থন নেই। আমরা শাহবাগেও যাব না।’ গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার হরতালে দেশের সব জাতীয় রাজনৈতিক সংগঠনকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। শাহবাগে প্রজন্ম চত্বরে তিনি বলেন, যুদ্ধাপরাধী গোলাম আযমের অপরাধের বিরুদ্ধে গণ-আদালতের যে রায় ছিল, সেই রায় বাস্তবায়ন করতে হবে। জামায়াত-শিবিরকে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার আরও বলেন, ‘যেখানে জামায়াত-শিবির পাবেন, সেখানে তাদের প্রতিহত করুন।’ জামায়াতের হরতালদলের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করে তাঁর মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আজ বিকেলে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। দলের পক্ষ থেকে বলা হয়, ‘অব্যাহতভাবে সরকারের হত্যা, সন্ত্রাস, গণগ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ’ ও গোলাম আযমের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।