গণজাগরণ মঞ্চ কারও রক্তচক্ষুকে ভয় করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, গণজাগরণ মঞ্চ কারও নির্দেশে তৈরি হয়নি, কারও রক্তচক্ষুকে ভয়ও করে না। মুক্তিযুদ্ধের সময় যে তুলনারহিত সাহসিকতায় বাঙালি সংগ্রাম অব্যাহত রেখেছিল, সেই রকম সাহসের সঙ্গে গণজাগরণ মঞ্চও ছয় দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখবে।গতকাল মঙ্গলবার বিকেলে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমরান এইচ সরকার এসব কথা বলেন। গণজাগরণ মঞ্চ বন্ধ করে দেওয়া উচিত বলে যে আলোচনা হয়েছে, তার প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলনে ইমরান বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই মঞ্চ তৈরি হয়েছে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের ইচ্ছা-অনিচ্ছার ওপর গণজাগরণ মঞ্চ নির্ভর করেনি, করবেও না। কারও নির্দেশে এই মঞ্চ আন্দোলন থেকে সরে দাঁড়াবে না।রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিনজন ব্লগারকে গ্রেপ্তারের সমালোচনা করে ইমরান প্রশ্ন করেন, কীভাবে রাতের অন্ধকারে তিনজন ব্লগারকে গ্রেপ্তার করেছে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ ঘটনা নজিরবিহীন। তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত ধর্মানুভূতিতে আঘাত করে এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড কাম্য নয়। আমরা প্রথম থেকেই লক্ষ করে আসছি, ইন্টারনেট বা ব্লগ বিষয়ে সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে, তার সব কটি সিদ্ধান্তই গৃহীত হয়েছে এমন সব ব্যক্তির দ্বারা, যাঁরা কোনোভাবেই ব্লগ বা ইন্টারনেটের সঙ্গে পরিচিত নন।’‘আমার ব্লগ’ বন্ধ করে দেওয়া প্রসঙ্গে ইমরান বলেন, যখন কোনো ব্যক্তি ব্লগারের বিশেষ কোনো লেখার ওপর ভিত্তি করে পুরো ব্লগই বন্ধ করে দেওয়া হয়, তখন তা জাতি ও তারুণ্যের জন্য বেদনাদায়ক। অথচ এই ব্লগের মাধ্যমেই সৃজনশীল ব্লগাররা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে লড়াই করছেন। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যখন বিএনপি ও জামায়াত-শিবির চক্র যুদ্ধ ঘোষণা করেছিল, তখন এই ব্লগাররাই একে প্রতিহত করেছেন।ধর্মীয় অনুভূতির বিষয়ে যে প্রশ্ন উঠেছে এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ-সংক্রান্ত যে বিবৃতি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইমরান জানতে চান, যখন জামায়াত-শিবির চক্র ব্লগে ও ফেসবুকে মওদুদীবাদ প্রচারের মাধ্যমে পবিত্র ইসলামকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে, তখন কোথায় থাকে রাষ্ট্রীয় বিজ্ঞপ্তির ধর্মানুভূতি? যখন জাতীয় মসজিদে জামায়াত-শিবির চক্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, আলেমসমাজকে হত্যার হুমকি দেয়, তখন কি রাষ্ট্রের ধর্মানুভূতি শীতনিদ্রায় থাকে? জামায়াত-শিবির যখন পুলিশ ভাইদের ওপর নির্বিচার হামলা চালায়, হত্যা করে, চিকিত্সককে আগুনে পুড়িয়ে মারে, রাষ্ট্রের বিরুদ্ধে গৃহযুদ্ধের হুমকি দেয়, রাষ্ট্র তখন তদন্ত কমিশন বানায় না কেন? তখন কি রাষ্ট্র আঘাতপ্রাপ্ত হয় না?