গণজাগরণ মঞ্চ তুলে দিয়েছে পুলিশ (ভিডিও)
শাহবাগের গণজাগরণ মঞ্চ তুলে দিয়েছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে শাহবাগ থানার পুলিশ সড়কে থাকা ব্যারিকেড, মূল মঞ্চ, মিডিয়া সেল ও অন্যান্য অস্থায়ী স্থাপনা তুলে দেয়। এ সময় গণজাগরণ মঞ্চের কোনো সংগঠক সেখানে উপস্থিত ছিলেন না।মঞ্চের অন্যতম সংগঠক বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু প্রথম আলো ডটকমকে বলেন, ‘মঞ্চ ভেঙে দেওয়ার বিষয়টি ভোরে আমরা জানতে পারি। গতকাল রোববার রাত থেকেই এ-সংক্রান্ত গুজব শুনছিলাম। মঞ্চ ভেঙে ফেলার বিষয়ে আমাদের সঙ্গে কেউ কোনো কথা বলেনি।’একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সূত্রপাত হয়। পরে মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন সর্বত্র ছড়িয়ে পড়ে। গতকাল গণজাগরণ মঞ্চের আন্দোলনের তিন মাস পূর্তি হয়।