গণজাগরণ মঞ্চ থেকে আরও কঠোর কর্মসূচির দাবি তরুণদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে পরবর্তী কর্মসূচি নিয়ে মতপার্থক্য দূর হয়েছে। মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জামায়াত নিষিদ্ধের দাবিতে আগামী ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিছিলসহ স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছেন। মঞ্চের অন্তর্ভুক্ত কিছু সংগঠন প্রথমে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার কর্মসূচি নিয়েছিল। পরে তারা এই কর্মসূচি প্রত্যাহার করে নিলেও দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছে। গতকাল মঙ্গলবার শাহবাগ গণজাগরণ মঞ্চের মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ শেষে ঘোষিত কর্মসূচি নিয়ে এই মতপার্থক্য সৃষ্টি হয়েছিল। মূল মঞ্চে ইমরান এইচ সরকার ৪ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ, সারা দেশে বিক্ষোভ মিছিল এবং একই সঙ্গে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচি ঘোষণা করার পরপরই কিছু বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা মঞ্চের সামনে থেকে কর্মসূচি প্রত্যাখ্যান করে স্লোগান দিতে থাকেন। পরে কর্মসূচির বিরোধিতা করে জাতীয় স্বার্থে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট এবং শহীদ জাহানারা ইমাম স্কোয়াডের পক্ষ থেকে একটি মিছিল বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে শাহবাগে এসে সমাবেশ করে। সমাবেশ থেকে তারা একই দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এবং আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করে। ওই কর্মসূচিতে বাধা দিলে শাহবাগে আমরণ অনশন কর্মসূচি শুরু করবে বলেও ঘোষণা দেয় তারা।কিন্তু রাত ১০টা ১০ মিনিটে পাঠানো একটি অনানুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল মঞ্চের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে আরও কঠোর কর্মসূচির দাবি জানানো হয়। মাহবুব রশিদ, আবদুল্লাহ আল মুয়ীদ, আনিস রায়হান, আজম খান, সায়ন্তনি ত্বিশা, আনহা এফ খান, নূর বাহাদুর ও বাবু আহমেদের পক্ষ থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণজাগরণ মঞ্চ ২১ ফেব্রুয়ারির জামায়াত নিষিদ্ধের আলটিমেটামের পর ২৬ মার্চ যে কর্মসূচি ঘোষণা করেছে, তার সঙ্গে আমরা সম্পূর্ণ একমত।’ তবে সরকার ৩৫ দিনের দীর্ঘ সময় পাওয়ার পরেও কোনো অর্থবহ ও সুস্পষ্ট পদক্ষেপ ঘোষণা না করায় শাহবাগে ২৬ মার্চের সমাবেশের স্বতঃস্ফূর্ত জমায়েত থেকে আগামী ৪ এপ্রিল বেলা ১১টায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি দাবি করে স্লোগান দেওয়া হয়। তারই জের ধরে শাহবাগে ৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসা তারুণ্যের প্রতিনিধিরা মিছিল করে আলটিমেটামসহ পরবর্তী কঠোর কর্মসূচি দাবি করেছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গণজাগরণ মঞ্চ ৪২ বছরের বঞ্চনার পরে যে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছে, তাকে সফলতার মুখ দেখাতে আরও জোরদার আন্দোলনের প্রয়োজন বলে আমরা মনে করছি। এই দাবি মঞ্চের ঐক্যকে আরও সংহত করা এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করারই দাবি। গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবি আমাদের সবার দাবি। জাগ্রত জনতার দাবি। বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এই দাবিতে সোচ্চার হওয়া এবং ৪ এপ্রিল বেলা ১১টার কর্মসূচি সফল করার জন্য যার যার অবস্থান থেকে গণসংযোগ চালানোর উদাত্ত আহ্বান জানাই।’সরকারের প্রতি ক্ষোভ: এর আগে গতকাল বিকেল চারটায় অনুষ্ঠিত মূল সমাবেশে ইমরান এইচ সরকার ২৬ মার্চের মধ্যে গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবি মেনে না নেওয়ায় এ আচরণ গণমানুষের জাগরণকে অশ্রদ্ধা করেছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের ছয় দফা দাবিকে গণমানুষের দাবি উপেক্ষা করার যে স্পর্ধা সরকার দেখিয়েছে, তা নজিরবিহীন।’ স্বাধীনতা দিবস উপলক্ষে শাহবাগে গণজাগরণ মঞ্চের এই সমাবেশ ছিল পূর্বনির্ধারিত। গত ২১ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া শুরুসহ ছয় দফা দাবিতে সরকারকে ২৬ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল গণজাগরণ মঞ্চ। ইমরান বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের যে ম্যান্ডেট নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় এসেছে, তার প্রতি তারুণ্যের অকুণ্ঠ সমর্থন ছিল, এখনো আছে। তারুণ্যের হূদয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের যে দৃঢ় দাবি অনির্বাণের মতো জ্বলছে, আপনি তাকে এড়িয়ে যাবেন না।’ইমরান আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের একটি গণমাধ্যমের ধর্মীয় উসকানিদাতা সম্পাদককে গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। অথচ বাংলা ব্লগগুলো নিয়ন্ত্রণের জন্য সরকার প্রজ্ঞাপন জারি করেছে। বিভিন্ন ব্লগারের ব্যক্তিগত তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ব্লগের ক্ষুদ্র গণ্ডি থেকে অবমাননাকর বিষয়গুলো যে গণমাধ্যম জাতির সামনে তুলে ধরেছে, সেই গণমাধ্যমের বিষয়ে সরকার নিশ্চুপ। এ যেন শাক দিয়ে মাছ ঢাকারই নামান্তর।’ বক্তব্যের শেষে ইমরান ৩১ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ অভিমুখে মিছিল এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও জামায়াত-শিবির নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে দেশব্যাপী সংগৃহীত গণস্বাক্ষর স্পিকারের কাছে হস্তান্তর, ৪ এপ্রিল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ওই দিন বিকেল চারটায় শাহবাগ চত্বরে গণজাগরণ মঞ্চে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৬ এপ্রিল প্রজন্ম চত্বরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।সমাবেশ: গতকাল বিকেল সোয়া চারটার দিকে গণজাগরণ মঞ্চের মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ শুরু হয়। সমাবেশের প্রথম পর্বে বক্তব্য দেন মঞ্চের সংগঠক ও ছাত্রনেতারা। তাঁরা আলটিমেটাম অনুযায়ী জামায়াত-শিবির নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। মঞ্চের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। সমাবেশে ছাত্রনেতারা বক্তব্য দেন। দ্বিতীয় পর্বে মঞ্চে উঠে আসেন ৪২ জন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনা চিরকাল উজ্জ্বল রাখার আহ্বান জানিয়ে তরুণ-কিশোর-শিশুদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এ সময় মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অব) এ কে খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি হেলাল মোর্শেদ বীর বিক্রম, সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব) কে এম সফিউল্লাহ, মেজর (অব) রফিকুল ইসলাম, লে. কর্নেল আবু ওসমান চৌধুরী, ডা. সারওয়ার আলী, কমান্ডার আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন। নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন শিরিন বানু মিতিল, শিরিন আকতার, বুলবুল মহলানবীশ, মিনু হক, ডা. মাখদুমা নার্গিস রত্না, রাহেলা বেগম, শাহীন আনাম, পান্না কায়সার ও শ্যামলী নাসরিন চৌধুরী। তৃতীয় পর্বে সংবাদ উপস্থাপক সাইদুর রহমান, জগন্নাথ হলের গণহত্যার প্রত্যক্ষদর্শী সুরেশ দাস, রাজারবাগ পুলিশ লাইনসের শাহজাহান মিয়া ও আবুল হোসেন স্মৃতিচারণা করেন। এর আগে গতকাল সমাবেশ শুরুর আগেই মঞ্চস্থলে সমবেত হন সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা বীরাঙ্গনারা। এ সময় তাঁদেরকে মুক্তিযোদ্ধার সম্মান দিতে সরকারের প্রতি দাবি জানানো হয়।