ককটেল হামলা হলো শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের নারী জাগরণী সমাবেশে। কিন্তু ভয় জয় করলেন নারীরা। সন্ত্রাসের আতঙ্ক উপেক্ষা করে ঘুরে দাঁড়াল সমাবেশ।হাজারো কণ্ঠের দীপ্ত স্লোগানে প্রকম্পিত হলো পরিবেশ ‘নারী দিবসের অঙ্গীকার, রুখবই রাজাকার’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’। নারীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাঁরা অঙ্গীকার করলেন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার।গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বিকেলে নারী জাগরণী সমাবেশের আয়োজন করা হয়। বেলা তিনটা থেকে গণসংগীত ও স্লোগানের মধ্য দিয়ে সমাবেশের প্রস্তুতি চলতে থাকে। ব্যানার নিয়ে বিভিন্ন নারী সংগঠন, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠন এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা প্রজন্ম চত্বরে এসে নারী জাগরণী সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংহতি প্রকাশ করেন।গানে ও স্লোগানে দীপ্ত হয়ে উঠেছিল পরিবেশ। উদীচীর শিল্পীরা গেয়ে চলেছেন ‘শিকল পরা ছল’, ‘ধনধান্য পুষ্পভরা, ‘ভয় কী মরণে’, ‘আমরা করব জয়’সহ বিভিন্ন গান। এরই একপর্যায়ে সমাবেশের সামনে এসে সংহতি প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, কবি কাজী রোজী, অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। একাত্তরের ঘাতক ও নারী নির্যাতনকারী রাজাকার-আলবদরদের ফাঁসি ও জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলেন তাঁরা।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকেল চারটায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পরিবেশিত হয় নারী জাগরণের গান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’। কানিজ আক্তারের সঞ্চালনায় গণজাগরণ মঞ্চের সংগঠকেরা শুরুতেই বক্তব্য দেন। প্রথমেই মঞ্চে আসেন শ্রাবন্তী আক্তার। এরপর কানিজ ফাতেমার বক্তব্যের সময়ই মঞ্চের পেছনে পশ্চিম দিকের কোনায়, মিডিয়া সেন্টার থেকে কয়েক গজ সামনে বিকট শব্দে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। সময় তখন প্রায় পৌনে পাঁচটা। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ায় সমাবেশের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথে যাঁরা বসে ছিলেন, তাঁরা উঠে পড়েন। কিন্তু মঞ্চ থেকে অভয় দেওয়া হয়। আহ্বান জানানো হয় স্লোগানে কণ্ঠ মেলানোর। সমাবেশ ছেড়ে চলে যাবেন কি না, এই দোটানায় ছিলেন যাঁরা, তাঁরাও ভয়-শঙ্কা জয় করে ঘুরে দাঁড়ান। বিশৃঙ্খলা সৃষ্টি না করে ফের সবাই যাঁর যাঁর আসনে বসে পড়েন। কয়েকটি সংগঠনের পুরুষ কর্মীরা খণ্ড খণ্ড মিছিল করেন। এ সময় মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয় যে ককটেল হামলাকারীদের একজনকে পুলিশ আটক করেছে। এতে সমবেত জনতা উল্লসিত হয়ে ওঠেন। এর কিছু পরেই মঞ্চের পশ্চিম পাশ থেকে আরও একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।ককটেল হামলার এ ঘটনার পর মঞ্চে নারী অধিকারের পাশাপাশি আরও তীব্রভাবে উঠে আসে জামায়াত-শিবির নিষিদ্ধ কারার দাবি। এই পর্যায়ে বক্তৃতা করেন সুলতানা কামাল, মুক্তা আক্তার, ওয়াসফিয়া নাজরিন, তানিয়া রহমান, শাওন, শারমিন সুলতানা, লাকি আক্তারসহ অনেকে।সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া, যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কট করা এবং তাদের গণমাধ্যমকে বর্জন করার শপথ পাঠ করান। আন্দোলনের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন তিনি।কর্মসূচি: ১০ মার্চ রোববার বেলা তিনটায় উত্তরা ১১ নম্বর সেক্টরের চৌরাস্তায় গণজাগরণ মঞ্চের সমাবেশ। বধুবার ১৩ মার্চ বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বেলা তিনটায় লালদীঘি ময়দানে মহাসমাবেশ। শুক্রবার ১৫ মার্চ ঢাকার আশুলিয়ায় বেলা তিনটায় সমাবেশ। জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক নৃশংসতার প্রতিবাদে ১৬ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রীতি সমাবেশ।ককটেল বিস্ফোরণ: প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ চৌরাস্তার পশ্চিম দিকে জাতীয় জাদুঘরের কোনায় (বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক ভবনের উল্টো দিকে) কয়েক হাতের ব্যবধানে বিস্ফোরণ দুটি ঘটে। বিস্ফোরণে আহত হন সেখানে কর্তব্যরত র্যাবের উপসহকারী পরিচালক জামালউদ্দীন। সমাবেশস্থলের নিরাপত্তা দিতে আসা র্যাবের সদস্যদের সামনেই মূলত ককটেলগুলোর বিস্ফোরণ ঘটে।পুলিশের ধারণা, বঙ্গবন্ধু মেডিকেলের এ-ব্লকের সাততলা ভবনের ওপরের কোনো তলার জানালা দিয়ে ককটেল দুটি ছুড়ে মারা হয়েছে।বিস্ফোরণের পর জাদুঘরের কোনার ওই সড়কে গিয়ে দেখা যায় রাস্তার ওপর দুটি দাগ হয়ে রয়েছে। এ-ব্লক ভবনের নিচে সড়ক বিভাজকের পাশে পড়ে রয়েছে পাউডার-জাতীয় কিছু পদার্থ। পুলিশের সদস্যরা এই তিনটি স্থানই ঘিরে রেখেছেন। একজন পুলিশ কর্মকর্তা বলেন, এগুলো হাতে তৈরি বোমা। তবে এগুলোর ভেতরে লোহার গুঁড়োজাতীয় কিছু ছিল, যার কারণে র্যাবের এক সদস্য আহত হয়েছেন।বিস্ফোরণের পর উত্তেজিত জনতা বঙ্গবন্ধু মেডিকেলের এ-ব্লকে ঢোকার চেষ্টা করেন। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা জনতার ঢল সামাল দেন। ঘটনার পরপর পুলিশ এ-ব্লক ভবনটির দুটি ফটকই আটকে দিয়ে তল্লাশি শুরু করে। দুই ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশির পরে ভবন থেকে দুই নারীসহ ১৫ জনকে আটক করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পুলিশ। এদের মধ্যে দুজনকে দেখে অল্প বয়স্ক (বালক) বলে মনে হয়েছে। পুলিশের কর্মকর্তারা বলেন, এদের জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে থাকা বঙ্গবন্ধু মেডিকেলের কর্মচারীরা জানান, আটক হওয়া ব্যক্তিদের বেশির ভাগই ক্যান্টিনে কাজ করেন।কয়েকজন কর্মচারী জানান, এই ভবনে প্রচুর চেনা-অচেনা লোকের যাতায়াত। এখানে আবাসিক চিকিৎসকেরা ছাড়াও তাঁদের বন্ধুবান্ধব, গ্রন্থাগারে পড়তে আসা চিকিৎসক, ক্যান্টিনে খেতে আসা মানুষের ভিড় সব সময়ই লেগে থাকে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, পাঁচতলার ক্যান্টিনের জানালা দিয়ে ককটেল ছুড়ে ফেলা সম্ভব। সাধারণ মানুষের মধ্যে মিশে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।এদিকে স্বপ্না রহমান নামে মহিলা আওয়ামী লীগের একজন কর্মী দাবি করেন, বিকেলে সমাবেশস্থলে বসে তিনি বঙ্গবন্ধু মেডিকেলের ভবনে ঝোলানো ব্যানার দেখছিলেন। সেই সময়ই দুই ব্যানারের ফাঁক দিয়ে তিনি পাঁচতলার জানালা দিয়ে কালো গেঞ্জি পরা একজনকে দুই হাত দিয়ে কিছু একটা ছুড়ে ফেলতে দেখেন। পরেই বিস্ফোরণ ঘটে।ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, দুই সপ্তাহ ধরে দেশজুড়ে যা চলছে, এসব তারই অংশ। সন্ধ্যার পর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।