গণজাগরণ মঞ্চের কর্মসূচি
২৬ মার্চের আগে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করাসহ ছয় দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল শাহবাগে প্রজন্ম চত্বরের মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি: আজ শুক্রবার মহান স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী জামায়াত-শিবির চক্রের হাতে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জুমা প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা। একই সঙ্গে প্রতিটি মন্দির, গির্জা, প্যাগোডা এবং অন্যান্য ধর্মাবলম্বীর নিজ নিজ উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতিতে প্রার্থনা করা। ২৩ ফেব্রুয়ারি: এ দিন থেকে দাবি আদায়ে ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশ শুরু করবে গণজাগরণ মঞ্চ। প্রতিদিন বিকেল তিনটায় সমাবেশগুলো হবে। ২৩ ফেব্রুয়ারি হবে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ২৫ ফেব্রুয়ারি: মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সমাবেশ।২৭ ফেব্রুয়ারি: রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ। ৩ মার্চ: বাহাদুর শাহ পার্কে সমাবেশ।৫ মার্চ: যাত্রাবাড়ী চৌরাস্তায় সমাবেশ।৭ মার্চ: সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন, প্রতিবাদী গান ও সমাবেশ। এসব সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত সর্বস্তরের জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণেরা। গণস্বাক্ষর কর্মসূচি: এ ছাড়া আজ থেকে ৭ মার্চ পর্যন্ত দেশ ও দেশের বাইরে ছয় দফা দাবির প্রতি একাত্মতা জানানো মানুষের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে নিজ দায়িত্বে পরিবার, প্রতিবেশী, কর্মক্ষেত্র, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সবার স্বাক্ষর সংগ্রহ করে প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের ঠিকানায় পাঠাবেন। অনলাইনেও গণস্বাক্ষর করা যাবে। পরে অনলাইন সাইটের নাম জানিয়ে দেওয়া হবে। দেশব্যাপী সংগৃহীত এসব গণস্বাক্ষর সংগ্রহের জন্য শাহবাগের প্রজন্ম চত্বরে একটি সংগ্রহশালা থাকবে। এই গণস্বাক্ষর স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদে দেওয়া হবে।সংহতি সমাবেশ: ১ থেকে ২০ মার্চ পর্যন্ত দেশের প্রতিটি বিভাগীয় শহরে স্থানীয় জনসাধারণের সুবিধাজনক সময়ে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে সংহতি সমাবেশ করা হবে। এসব সমাবেশের তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।শাহবাগের প্রজন্ম চত্বর: আজ থেকে প্রজন্ম চত্বরে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। প্রতি শুক্রবার হবে প্রতিবাদী সমাবেশ। ১ মার্চ স্বাধীনতার মাসের সূচনা দিনে শাহবাগের প্রজন্ম চত্বরসহ সারা দেশের সব গণজাগরণ মঞ্চে প্রতিবাদী গান পরিবেশিত হবে। কর্মসূচি শুরু হবে বিকেল তিনটায়। রায়ের আগের দিন জমায়েত: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি রায় ঘোষণার আগের দিন বিকেল তিনটা থেকে প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে জমায়েত অনুষ্ঠিত হবে।