গণজাগরণ মঞ্চের দিকে যাচ্ছে ছাত্রলীগ (ভিডিও)
হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চের প্রতিবাদে ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আবার মুখরিত হয়ে উঠেছে গণজাগরণ মঞ্চ। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা শাহবাগে নির্মিত পাঁচটি অস্থায়ী মঞ্চে স্লোগান দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জড়ো হয়ে গণজাগরণ মঞ্চের দিকে যাচ্ছেন ছাত্রলীগের কর্মীরা।তাঁরা বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করবেন এবং বিকেল চারটায় গণজাগরণ চত্বরে অনুষ্ঠিত মহাসমাবেশে যোগ দেবেন। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২২ ঘণ্টার অবরোধ পালন করবেন তাঁরা। গণজাগরণ মঞ্চ এলাকায় বর্তমানে কোনো পরিচিত মুখ নেই। তারা অবরোধ পালনের জন্য ৪০টি ভাগে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে শাহবাগের গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে এক প্রেস ব্রিফিংয়ে ২৩ সংগঠনের হরতালে সমর্থন জানিয়ে ২২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।