গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল (ভিডিও)
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকেরা আজ সোমবার বেলা ১১টার দিকে পতাকা মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ থেকে রূপসী বাংলা মোড় হয়ে আবার শাহবাগ-টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা আজকের হরতাল প্রতিহত করতে এ কর্মসূচি পালন করা হয়।বেলা ১১টার দিকে শাহবাগের মূল মঞ্চ থেকে প্রত্যেকের হাতে পতাকা নিয়ে মিছিলটি শুরু হয়। এ সময় ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘লাখো শহীদের বাংলায়, জামায়াতের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন সমবেত জনতা। গণজাগরণ মঞ্চের নেতা, ব্লগারসহ সর্বস্তরের মানুষ এই পতাকা মিছিলে যোগ দেন। মিছিলটি ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেন, হেফাজতে ইসলাম যে ১৩ দফা দাবি জানিয়েছে, তা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এসব দাবি তো মেনে নেওয়া যায়-ই না, বরং আইনগত ব্যবস্থা নেওয়া যায়। ১৩ দফা দাবির মাধ্যমে তারা দেশকে মধ্য যুগে ফেরত নিতে চায়।এদিকে, গণজাগরণ মঞ্চের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন এলাকায় জাতীয় পতাকা নিয়ে হরতালবিরোধী মিছিল হয়েছে।