গণজাগরণ মঞ্চের মশাল মিছিল
মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চ আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যাবে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেবে।এ কর্মসূচির সমর্থনে আজ বুধবার সন্ধ্যায় মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। সন্ধ্যা সোয়া সাতটার দিকে শাহবাগ থেকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে এ মিছিল বের হয়। মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে নীলক্ষেত ঘুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শাহবাগে এসে শেষ হয়।মিছিল শেষে প্রজন্ম চত্বরের মূল মঞ্চে ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা ৪ তারিখে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করব। এ সময় সরকারের পক্ষ থেকে জামায়াত-শিবির নিষিদ্ধে সুনির্দিষ্ট বক্তব্য না এলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যাব।’ তিনি বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে জামায়াত-শিবির নিষিদ্ধে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা চাই।’ পরে মঞ্চের মিডিয়া সেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্লগারদের গ্রেপ্তারের বিষয়ে কথা বলেন ইমরান। তিনি বলেন, ‘আমরা আগেই বিবৃতি দিয়ে বলেছি, ব্লগারদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা মতপ্রকাশে স্বাধীনতার ওপর স্পষ্টতই খড়্গহস্ত হয়েছে।’ সরকার গঠিত কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার যে কমিটির মাধ্যমে ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাতে ব্লগারদের প্রতিনিধি নেই, নেই কোনো তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞও। এমন একটি কমিটি দিয়ে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গ্রহণযোগ্য হতে পারে না।ব্লগ বন্ধের সমালোচনা করে ইমরান এইচ সরকার বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু ব্যক্তি ব্লগারের জন্য ব্লগ বন্ধ করে দেওয়া যুক্তিসংগত নয়।