গণজাগরণ মঞ্চের লড়াই চালিয়ে যাওয়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক ৭ মার্চের দিনে আয়োজিত মহাসমাবেশে মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ সাজা দেওয়া, তা কার্যকর করা এবং জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার শিকার ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দেশবাসীকে দাঁড়ানোরও আহ্বান জানানো হয়েছে ওই মঞ্চ থেকে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের পাশে এই সমাবেশের আয়োজন করা হয়। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মরণে গণজাগরণ মঞ্চ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ বাংলার প্রতিটি মানুষের রক্তকণিকায় মূর্ত করে একাত্তরের ঐশ্বর্যমণ্ডিত চেতনা।’কাদের মোল্লার ফাঁসির দাবিতে ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চ আন্দোলন শুরু করে। গতকাল ছিল আন্দোলনের ৩১ দিন। তারা আজ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেলা তিনটায় শাহবাগের প্রজন্ম চত্বরে ‘নারী জাগরণী’ সমাবেশ করবে। সমাবেশ থেকে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। গতকাল ছিল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির শেষ দিন। তারিখ বাড়িয়ে ২২ মার্চ করা হয়েছে। কারণ, হিসেবে ইমরান সরকার বলেন, কয়েক দিন ধরে দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে পারেনি।বিকেল চারটার পর জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। তার আগে পবিত্র কোরআন তেলাওয়াতসহ গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। মূল মঞ্চের পেছনে ছিল বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি। তার ওপরে লেখা: এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।...জয় বাংলা। বেলা আড়াইটার আগ থেকেই ব্যানার নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সমাবেশস্থলে আসতে থাকে। এর মধ্যে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, গুলশান, নিউমার্কেটের গণজাগরণ মঞ্চের শাখার ব্যানার। বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন শাখার একাধিক মিছিল সেখানে জড়ো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মিছিল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সমাবেশে যোগ দেয়।সমাবেশের শেষ পর্যায়ে বক্তব্য দেন ইমরান এইচ সরকার। তিনি উপস্থিত সবাইকে শপথ নেওয়ার অনুরোধ জানান। তিনি সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা এবং তা কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালানো, জামায়াত-শিবির নিষিদ্ধ না করা পর্যন্ত লড়াই অব্যাহত রাখা, যুদ্ধাপরাধীদের সব অর্থনৈতিক প্রতিষ্ঠান বয়কট করা এবং যুদ্ধাপরাধীদের সব গণমাধ্যম বর্জন করার শপথ পাঠ করান।সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, জাসদ ছাত্রলীগের সভাপতি হুসাইন আহমদ তফসির, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ, ছাত্র ঐক্য ফোরামের সভাপতি এস এম সোহান সোবহান, বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি মনজুর রহমান, ছাত্র সমিতির যুগ্ম আহ্বায়ক সালমান খান প্রমুখ বক্তৃতা করেন।সমাবেশে একাধিক ছাত্রনেতা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সমালোচনা করে বলেন, সাবেক ওই স্বৈরশাসক গণজাগরণ মঞ্চের আন্দোলনে ভীত হয়ে পড়েছেন।একজন ছাত্রনেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, যারা যুদ্ধাপরাধীদের পক্ষ নেবে, তাদের জন্য গণজাগরণ মঞ্চে সংহতি জানানোর দরজাও বন্ধ।এর আগে রায়েরবাজার বধ্যভূমিতে ২৩ ফেব্রুয়ারি সমাবেশের আয়োজন করেছিল গণজাগরণ মঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন বীরাঙ্গনা আনোয়ারা ইসলাম। সেদিন গণজাগরণ মঞ্চের নেতারা তাঁকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গতকাল সমাবেশের একপর্যায়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়। গতকাল সমাবেশের আগে যখন গণসংগীত হচ্ছিল, তখন অনেকেই বলাবলি করছিলেন বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের কথা। সেই ভাষণ গতকালও শুনিয়েছিল একটি শিশু। ১৮ মিনিটের ভাষণ শিশুটি মুখস্থ উচ্চারণ করেছিল সমবেত জনতার সামনে। শিশুটি বঙ্গবন্ধুর মতো আঙুল উঁচিয়ে বলেছিল, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।...জয় বাংলা’। তুমুল করতালি দিয়ে শিশুটিকে অভিনন্দন জানায় জনতা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশ। তারপর মাইকে বেজে ওঠে বঙ্গবন্ধুর সেই ভাষণ। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।