কাল তিনটি স্থানে ১৪৪ ধারা জারি
গণজাগরণ মঞ্চের সমাবেশ, প্রতিহতের ডাক হেফাজতে ইসলামের, চট্টগ্রামে উৎকণ্ঠা
শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন ব্লগার ‘নাস্তিক’—এই দাবি করে তাঁদের প্রতিরোধের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। প্রথমে সংগঠনটি চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত সমাবেশের দিনে হরতাল আহ্বান করেছে। গতকাল সোমবার তারা একই সময়ে একই জায়গায় সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছে। এদিকে গতকাল রাতে স্থানীয় প্রশাসন চট্টগ্রামের তিনটি স্থানে আগামীকাল সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।আগামীকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চের সমাবেশ হওয়ার দিন ধার্য আছে। মঞ্চের চট্টগ্রামের আয়োজকেরা জানিয়েছেন, সমাবেশের জন্য তাঁরা আগেই অনুমতি নিয়েছেন। হেফাজতে ইসলাম যেকোনো মূল্যে এ সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এ মুখোমুখি অবস্থানের কারণে স্থানীয় প্রশাসন চিন্তিত হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিরাপত্তা জোরদারের প্রস্তুতি শুরু করেছে। হেফাজতে ইসলাম: গতকাল সকালে চট্টগ্রাম নগরের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম। সেখানে সংগঠনের নেতারা শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের বিষয়ে বলেন, ‘চট্টগ্রামের লাখো-কোটি নবীপ্রেমিক জনতা বার আউলিয়ার এই পুণ্যভূমিতে রাসুল (সা.)-এর দুশমন নাস্তিক ব্লগারদের সমাবেশ প্রতিহত করবে।’ সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করে বলা হয়, ‘শাহবাগী ব্লগাররা সমাবেশের সিদ্ধান্ত পরিবর্তন করে শুভবুদ্ধির পরিচয় দেবে। নইলে চট্টগ্রামের সর্বস্তরের নবীপ্রেমিক হরতালের মাধ্যমে ব্লগারদের প্রতিরোধ করবে।’সংবাদ সম্মেলনে বলা হয়, পীর-আউলিয়া ও আল্লাহর প্রিয় বান্দাদের এই বীর চট্টলায় লাখ লাখ ধর্মপ্রাণ তৌহিদি জনতার কাছে মহানবী (সা.) নিজেদের প্রাণের চেয়ে প্রিয়। এই অঞ্চলের মাটির গভীরে ইসলামের শিকড় প্রোথিত। যুগে যুগে তারা আল্লাহ ও রাসুল (সা.) তথা ইসলামের মর্যাদা রক্ষায় জীবনবাজি রেখেছে। আল্লাহদ্রোহী ও নাস্তিক-মুরতাদদের আস্ফাালন তারা কখনো বরদাশত করেনি।এরপর দুপুরে হেফাজতে ইসলামের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে কালকের প্রেসক্লাব চত্বরের সমাবেশ বন্ধ করার অনুরোধ জানান। তা না হলে যেকোনো মূল্যে সমাবেশ প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন। পুলিশ কর্মকর্তারা হেফাজতের নেতাদের শান্তিপূর্ণ অবস্থানে থাকার অনুরোধ জানান। নেতারা এতে সন্তুষ্ট না হয়ে আগামীকাল প্রেসক্লাব চত্বরে পাল্টা সমাবেশ করার অনুমতি চান। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরীর নেতৃত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুহী, যুগ্ম সম্পাদক লোকমান হাকিম, ইলিয়াস ওসমানী প্রমুখ পুলিশ কমিশনারের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘হেফাজতে ইসলাম গণজাগরণ মঞ্চের ডাকা সমাবেশ করতে না দেওয়ার অনুরোধ করেছে। তারা বলেছে, যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করছে না। সরকারের বিরুদ্ধেও তাদের কোনো বক্তব্য নেই, বরং জামায়াতের বিরুদ্ধে তারা কথা বলে আসছে।’পুলিশ কমিশনার বলেন, ‘হেফাজতে ইসলামের নেতাদের আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে অনুরোধ করেছি। কিন্তু তাঁরা কাল প্রেসক্লাব চত্বরে সমাবেশ করতে আগ্রহী। গণজাগরণ মঞ্চের উদ্যোক্তারা প্রেসক্লাব চত্বরে সমাবেশের ঘোষণা আগেই দিয়ে রেখেছেন। এখন দুই পক্ষের অনড় অবস্থানের কারণে পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক থাকবে।’ জানতে চাইলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রথম আলোকে বলেন, ‘সংবাদ সম্মেলন ও পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বুধবারের প্রেসক্লাব চত্বরের “নাস্তিক” ব্লগারদের সভা বন্ধ করতে বলেছি।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও আমাদের কোনো আপত্তি নেই। ধর্মের কিছু মৌলিক বিষয় নিয়ে জামায়াতিদের সঙ্গে আমাদের দ্বিমত রয়েছে।’আজিজুল হক আরও বলেন, ‘জামায়াতকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগও দায়ী। আমরা কখনো জামায়াতের পক্ষে ছিলাম না এবং নেই। গণজাগরণ মঞ্চের বিরুদ্ধেও আমাদের কোনো বক্তব্য নেই। তবে ইমরান সরকারসহ কয়েকজন “নাস্তিক” ব্লগারকে চট্টগ্রামে সমাবেশ করতে দেওয়া হবে না।’গণজাগরণ মঞ্চ: এই পরিস্থিতিতে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের সংগঠকেরা। তাঁরা তাঁদের সমাবেশের দিন ডাকা হরতাল প্রত্যাহারের জন্য হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানান। চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মফিজুর রহমান। মফিজুর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে আরও সম্পৃক্ত করতে বুধবার চট্টগ্রামে মহাসমাবেশের কর্মসূচি নেওয়া হয়। মহাসমাবেশটি বানচালের জন্য একই দিন হেফাজতে ইসলাম চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। মফিজুর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা এই আন্দোলন সম্পর্কে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র বিভ্রান্তি ছড়াচ্ছে। এ কাজে তারা তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে হয়তো কেউ কেউ বিভ্রান্ত হয়ে থাকতে পারেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শরীফ চৌহান বলেন, ‘আমরা আশা করছি, চট্টগ্রামের জনগণ এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। কারণ, এই আন্দোলন অহিংস ও শান্তিপূর্ণ। এর সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই।’ তিনি বলেন, কর্মসূচি ঘোষণার আগে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। এখন জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।আগামীকাল ১৪৪ ধারা জারি: চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর, চট্টগ্রাম জেলা পরিষদ চত্বর এবং চট্টগ্রাম রেলস্টেশনে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং গণজাগরণ মঞ্চের উদ্যোক্তারা পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় স্থানীয় প্রশাসন গতকাল রাতে এই ১৪৪ ধারা জারি করে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ১৪৪ ধারা জারি করা হয়। ওই দিন কাউকে ওই তিনটি জায়গায় সমাবেশ করা বা জড়ো হতে দেওয়া হবে না।প্রসঙ্গত আগামীকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চ সমাবেশ ডাকে। একই জায়গায় সমাবেশ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে আবেদন করে। ইসলামি আরও দুটি সংগঠন একই দিন জেলা পরিষদ চত্বরে এবং চট্টগ্রাম রেলস্টেশন সমাবেশ করার ঘোষণা দেয়।