গণজাগরণ মঞ্চের সমাবেশ আজ উত্তরায়
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, প্রতিবাদী গান, কবিতা আর স্লোগানের মধ্য দিয়ে শাহবাগের প্রজন্ম চত্বরে চলমান আন্দোলন অব্যাহত রয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ রোববার বেলা তিনটায় উত্তরার ১১ নম্বর সেক্টরের চৌরাস্তায় গণজাগরণ মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রজন্ম চত্বরের বাইরে এটি গণজাগরণ মঞ্চের সপ্তম সমাবেশ। প্রজন্ম চত্বরের আন্দোলন অব্যাহত থাকলেও গতকাল শনিবার শাহবাগ মোড় দিয়ে যান চলাচল করেছে। বেলা সাড়ে তিনটার দিকে শাহবাগ-কাঁটাবন, শাহবাগ-মৎস্য ভবন, শাহবাগ-রূপসী বাংলা সড়কগুলোর অবরোধ তুলে ফেলা হয়েছে। তবে আন্দোলনকারীরা তাঁদের নিয়মিত কর্মসূচি চালিয়ে যাওয়ায় শাহবাগ থেকে টিএসসিগামী রাস্তা বন্ধ ছিল। এদিকে প্রজন্ম চত্বরে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও মিডিয়া সেলে চলমান গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিতে অনেকেই প্রজন্ম চত্বরে আসছেন। গতকাল পর্যন্ত পাঁচ লক্ষাধিক লোক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে। কর্মসূচিটি চলবে ২২ মার্চ পর্যন্ত। গতকাল বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের। লোকসমাগমও বৃদ্ধি পায় তখন। বিকেল পাঁচটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক দল প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করে।