গণজাগরণ মঞ্চের সমাবেশ ও হেফাজতে ইসলামের হরতাল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত গণজাগরণ মঞ্চ ও হেফাজতে ইসলাম চট্টগ্রামে তাদের আজকের কর্মসূচি স্থগিত করেছে। এর আগে গতকাল সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষ তাদের অবস্থানে অনড় থাকায় রাত নয়টার দিকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) শহরে আজ বুধবার সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এর পরই চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ সংবাদ সম্মেলন করে আজকের মহাসমাবেশ স্থগিত ঘোষণা করে। এর আধা ঘণ্টা পর হরতাল স্থগিতের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।শাহবাগের গণজাগরণ মঞ্চ ঢাকার বাইরে প্রথম কর্মসূচি হিসেবে আজ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ ডেকেছিল। এই কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে আজ চট্টগ্রামে হরতাল আহ্বান করেছে হেফাজতে ইসলাম। তারা প্রেসক্লাব চত্বরে পাল্টা সমাবেশের অনুমতি চেয়েছিল পুলিশের কাছে।চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ গত সোমবার ও গতকাল মঙ্গলবার আবার সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামকে তাদের ডাকা হরতাল প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানায়। কিন্তু হেফাজতে ইসলাম তাদের হরতাল ও প্রতিরোধের ডাকে অনড় বলে জানায়। গণজাগরণ মঞ্চও তাদের সমাবেশ করার প্রত্যয় ঘোষণা করে। এর মধ্যে চট্টগ্রাম জেলা পরিষদ চত্বর ও রেলস্টেশনের সামনে পৃথক সমাবেশ ডাকে আরও দুটি ধর্মভিত্তিক দল। এ অবস্থায় পুলিশ প্রথমে ওই তিনটি স্থানে এবং রাতে শহরের ১২ থানার অধীন সব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে।এর মধ্যে রাত সাড়ে আটটার দিকে প্রেসক্লাব চত্বরে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে প্রেসক্লাবের বিভিন্ন কক্ষ। জাগরণ মঞ্চের সংগঠকেরা তখন সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা গাড়িতে চড়ে এসে বোমার বিস্ফোরণ ঘটিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। গণজাগরণ মঞ্চের সংগঠকেরা এ জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন এলাকা থেকে তরুণেরা মিছিল নিয়ে এসে গণজাগরণ চত্বরে সমবেত হন। তাঁরা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন।চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষই অনড় অবস্থানে থাকায় আমরা বুধবার ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত গোটা চট্টগ্রাম শহরে ১৯৭৮ সালের চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের ২৯, ৩০, ৩৩ ও ৩৪ ধারায় সব ধরনের বেআইনি বিক্ষোভ ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছি। তবে নাগরিক জীবনের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। ১৪৪ ধারার আদলে এই চারটি ধারা বলবৎ হবে।’ সমাবেশ ও হরতাল প্রত্যাহারের পর রাতে আবার যোগাযোগ করা হলে পুলিশ কমিশনার বলেন, ‘তার পরও ঘোষিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিভিন্ন ব্লগ, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তরুণেরা ঢাকার শাহবাগ মোড়ে জমায়েতের ডাক দেন। তাঁরা কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করেন। অল্প কিছু তরুণের একটি মানববন্ধন দিয়ে সে দিন বেলা তিনটায় শুরু হওয়া ওই প্রতিবাদ কর্মসূচি শেষ পর্যন্ত অবিস্মরণীয় এক গণজমায়াতের সূচনা করে এবং এক মাস ধরে তা চলে। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চের ব্যানারে আন্দোলন চলে। এর মধ্যে শাহবাগের এই আন্দোলনে অংশ নেওয়া একজন ব্লগার আহমেদ রাজীব হায়দার খুন হন। অভিযোগ তোলা হয়, তিনি ধর্মে বিশ্বাস করতেন না। সর্বশেষ শাহবাগের আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন তরুণ ‘নাস্তিক’—এই দাবি করে চট্টগ্রামে তাদের প্রতিহতের ঘোষণা দিয়ে কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম। তবে সংগঠনটি এ-ও বলেছে, তারাও যুদ্ধাপরাধীদের বিচার চায়। এদিকে গত রাত ১১টায় এক বিবৃতিতে শাহবাগ গণজাগরণ মঞ্চ জানায়, তাদের একটি প্রতিনিধিদল আজ বুধবার চট্টগ্রামে যাবে। প্রতিনিধিদলের সদস্যরা আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের সঙ্গে আলোচনা করে গণজাগরণ মঞ্চ সম্পর্কে জামায়াত-শিবিরের সৃষ্ট বিভ্রান্তি দূর করার চেষ্টা করবেন।মহাসমাবেশ স্থগিত: গত রাত নয়টায় এক সংবাদ ব্রিফিংয়ে গণজাগরণ মঞ্চের স্থানীয় আয়োজকেরা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতি সম্মান প্রদর্শন করে মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা মফিজুর রহমান বলেন, ‘আমরা যখন প্রেস ব্রিফিংয়ের জন্য হাজির হই, তখন প্রেসক্লাবের বাইরে বোমা বিস্ফোরণ ঘটেছে। জামায়াত-শিবির এই কাজ করেছে। আমরা এর নিন্দা জানাই।’ তিনি বলেন, এই বোমা হামলার প্রতিবাদে কাল বৃহস্পতিবার বিকেলে গণজাগরণ মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতি শুক্রবারের কর্মসূচি গণজাগরণ মঞ্চে চলবে। মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। ব্রিফিংয়ে বলা হয়, ‘আমরা আমাদের শ্রদ্ধেয় আলেমদের অনুরোধ করব জামায়াত-শিবিরের চক্রান্তে বিভ্রান্ত না হতে। জামায়াত নানা অপকৌশলে বিভ্রান্তির চেষ্টা চালাচ্ছে। আমাদের আন্দোলন ইসলামের বিরুদ্ধে নয়, মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ আন্দোলন।’হরতাল স্থগিত: গণজাগরণ মঞ্চের সমাবেশ স্থগিত করার পর হেফাজতে ইসলাম রাতেই বৈঠকে বসে আজকের হরতাল স্থগিতের সিদ্ধান্ত নেয়। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী রাতে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা আজকের হরতাল কর্মসূচি স্থগিত করেছি। তবে ডা. ইমরান এইচ সরকার চট্টগ্রামের যেখানেই আসবেন, সেখানেই তাঁকে প্রতিহত করা হবে।’এর আগে গতকাল বিকেলে হরতালের সমর্থনে আন্দরকিল্লা জুমা মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেছিল হেফাজতে ইসলাম। এরপর এক সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা বলেন, চট্টগ্রামের পুলিশ প্রশাসন প্রেসক্লাব, লালদীঘি ও রেলস্টেশন চত্বরে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। হেফাজতে ইসলাম নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছে। তাঁরা বলেন, তাঁদের দ্বারা মানুষের জানমালের কোনো প্রকার ক্ষতি হবে না।হেফাজতে ইসলামের নগর কমিটির নেতা লোকমান হাকিমের সভাপতিত্বে মুইনুদ্দিন রূহী, সরওয়ার কামাল আজিজী, আবদুর রহমান চৌধুরী, আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুফতি হারুন ইজহার, মিয়া মুহাম্মদ শরীফ, মুজ্জাম্মেল হক, ইলিয়াস ওসমানী প্রমুখ বক্তৃতা করেন। গণজাগরণ মঞ্চের বিবৃতি: গত রাতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার এক বিবৃতিতে বলেন, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামে সমাবেশ করার ঘোষণা দেওয়ার পর হেফাজতে ইসলাম ওই সমাবেশ প্রতিহত করতে হরতাল আহ্বান করে। তাদের এই অবস্থানের কারণে জামায়াত-শিবির চক্র ইসলামি মূল্যবোধে বিশ্বাসী মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছে।বিবৃতিতে বলা হয়, ‘গণজাগরণের বিরুদ্ধে যারা এই নেতিবাচক অবস্থান নিয়েছে, তারা আমাদের সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করছে। তাই অনাকাঙ্ক্ষিত সহিংসতা এড়াতে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।’বিবৃতিতে আরও বলা হয়, শাহবাগের গণজাগরণ মঞ্চের একটি প্রতিনিধিদল আজ বুধবার চট্টগ্রামে যাবে। সেখানে সর্বস্তরের মানুষের পাশাপাশি আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের সঙ্গে প্রতিনিধিদলের সদস্যরা আলোচনা করবেন। এর মধ্য দিয়ে তাঁরা গণজাগরণ মঞ্চ সম্পর্কে জামায়াত-শিবিরের সৃষ্ট বিভ্রান্তি দূর করার চেষ্টা করবেন।