গণজাগরণ মঞ্চের ২২ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের পক্ষের ২৩টি সংগঠনের ডাকা হরতালে সংহতি প্রকাশ করে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে কাল শনিবার বেলা চারটা পর্যন্ত ২২ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পর সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সন্ধ্যায় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে দেওয়া বিবৃতিতে অবরোধ সফল করতে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়। মুখপাত্র ইমরান এইচ সরকারের পাঠ করা ওই বিবৃতিতে বাস-রেল-লঞ্চের মালিক-শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে অহিংস থেকে এ কর্মসূচি বাস্তবায়নে সহায়তার অনুরোধ করা হয়।এদিকে গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল রাতে বাম ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ছাত্রলীগের নেতারা এ সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর বিভিন্ন প্রবেশপথে তাঁরা অবস্থান নেবেন। জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘গণজাগরণ মঞ্চে আমরা অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব।’ আগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল দুপুরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে। মঞ্চের প্রতিনিধিরা জামায়াত-শিবির নিষিদ্ধসহ ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মিজানুর রহমানের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের ঘণ্টা খানেক পর বেরিয়ে এসে ইমরান এইচ সরকার গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক স্মারকলিপি গ্রহণ করে তাঁদের জানিয়েছেন, দাবিগুলো পর্যালোচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমরান বলেন, স্মারকলিপিতে জামায়াত-শিবির নিষিদ্ধের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট সময়সীমা চাওয়া হয়েছে। আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করাসহ আগের কয়েকটি দাবি সরকারের না মানার কথা উল্লেখ করে ইমরানকে প্রশ্ন করা হয়, এবারও দাবি পূরণ না হলে তাঁরা কী করবেন। জবাবে মঞ্চের এই মুখপাত্র বলেন, ‘এবারও যদি দাবি পূরণ না হয় তাহলে আমরা লংমার্চ, ঢাকা ঘেরাও ও গণ-অনশনের মতো কর্মসূচির দিকে যেতে বাধ্য হব।’ দুপুর ১২টার দিকে স্মারকলিপি নিয়ে শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের নেতাদের সঙ্গে রওনা হন বিভিন্ন শ্রেণী ও পেশার একদল মানুষ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশি পাহারায় মিছিলটি ফার্মগেট ওভারব্রিজের সামনে পৌঁছার পর সেখানে অবস্থানরত পুলিশ বাধা দেয়। তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কিছুটা ধাক্কাধাক্কি হয়। গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়েন। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে ইমরান এইচ সরকার জামায়াত-শিবির নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণা চান। তিনি কাল শনিবার জোহরের নামাজের পর শাহবাগে প্রজন্ম চত্বরের পূর্বঘোষিত সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান ঢাকাবাসীকে। এরপর ফার্মগেট থেকে মঞ্চের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা হয়। অন্য আন্দোলনকারীরা শাহবাগে ফিরে যান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া প্রতিনিধিদলে ইমরান এইচ সরকার ছাড়াও ছিলেন ব্লগার কানিজ আকলিমা, রাশিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বস ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদি হাসান।