গণজাগরণ সমাবেশ হবে উত্তরা, আশুলিয়া ও চট্টগ্রামে
আন্তর্জাতিক নারী দিবসে আজ শুক্রবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে নারী জাগরণী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত এবং নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে রাজধানীর উত্তরা, ঢাকার অদূরে আশুলিয়া এবং চট্টগ্রামে সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের নেতারা আগেই সারা দেশের নারী সমাজ ও নারী সংগঠনগুলোকে আজকের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আয়োজকদের আহ্বানে পুরুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের হাজার হাজার নারী এই সমাবেশে অংশ নেন। প্রজন্ম চত্বরে উপস্থিত হন বিভিন্ন নারী সংগঠনের নেতা ও সদস্যরা। আসেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী ও শিক্ষিকারা।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী আজকের সমাবেশে সংহতি জানিয়েছেন। সমাবেশে বক্তব্য রেখেছেন এভারেস্টজয়ী নারী ওয়াজফিয়া নাজরীনসহ বিভিন্ন নারীনেত্রী ও আন্দোলনকারীরা।পূর্বঘোষিত এই সমাবেশ নারীরাই পরিচালনা করছেন। নারীদের পাশাপাশি পুরুষদের উপস্থিতিও ছিল লক্ষ করার মতো। নারীদের অবদান গৌরবোজ্জ্বলসন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার নারী জাগরণী সমাবেশে বক্তৃতা দেন। বেগম রোকেয়াসহ নারী জাগরণের প্রত্যেক অগ্রদূতের প্রতি শ্রদ্ধা জানান তিনি।১৯৪৭-পরবর্তী ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে নারীদের ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন ইমরান।বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে নারীদের অর্জন বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় বলে আখ্যায়িত করেন তিনি।যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফার চলমান আন্দোলনে নারীদের অংশগ্রহণের কথা উল্লেখ করে ইমরান বলেন, ‘গণজাগরণ মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, নারীর প্রতি সব বৈষম্য দূর করতে আমরা সচেতন হব।’নতুন কর্মসূচি আজকের নারী জাগরণী সমাবেশে ইমরান এইচ সরকার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। ১০ মার্চ: বেলা তিনটায় রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের চৌরাস্তায় সমাবেশ।১৩ মার্চ: বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বেলা তিনটায় লালদীঘির ময়দানে সমাবেশ।১৫ মার্চ: বেলা তিনটায় ঢাকার অদূরে আশুলিয়ায় সমাবেশ।১৬ মার্চ: সারা দেশে জামায়াত-শিবিরের সহিংসতার প্রতিবাদে বেলা ১১টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রীতি সমাবেশ। আন্দোলনের শুরুএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আর বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হয় শাহবাগ।শাহবাগের বাইরে রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, মতিঝিলের শাপলা চত্বর, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সেই আন্দোলনের ৩২তম দিন। এ ছাড়া যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফা দাবির সমর্থনে গণস্বাক্ষর কর্মসূচি ২২ মার্চ পর্যন্ত চলবে।