গণজাগরণের সুরস্রষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের পরিচয় দিয়ে গানে গানে তিনি বলেছিলেন, ‘হবিগঞ্জের জালালী কৈতর, সুনামগঞ্জের কুড়া/ সুরমা নদীর শঙ্খচিল আমি শূন্যে দিলাম উড়া/ শূন্যে দিলাম উড়া রে ভাই যাইতে চান্দের চর/ ডানা ভাইঙ্গা পড়লাম আমি কলকাতার উপর’। কলকাতায় পড়ে থাকলেও উপমহাদেশের কিংবদন্তিতুল্য গণসংগীতশিল্পী ও সংগীতজ্ঞ হেমাঙ্গ বিশ্বাসের হূদয়ে যে জন্মভূমির প্রতি প্রগাঢ় টান থেকে গিয়েছিল, আমৃত্যু বারবারই তাঁর কাজের ভেতর দিয়ে সেটি প্রকাশিত হয়েছে।গতকাল সোমবার হেমাঙ্গ বিশ্বাসের ৯৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা, সংগীতানুষ্ঠান ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ক্রান্তি শিল্পীগোষ্ঠী। বিকেলে টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনা করেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সম্পাদক হাসান আরিফ, মানজার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে লোকগবেষক ও লেখক মাহফুজুর রহমানকে হেমাঙ্গ বিশ্বাস সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রান্তির সভাপতি শিল্পী মাহাবুবুল হায়দার।ক্রান্তির শিল্পীদের গাওয়া হেমাঙ্গ বিশ্বাসের গান ‘আজাদী হয়নি আজো তোর নববন্ধন শৃঙ্খল ডোর’, ‘হুরুর তাং তাং ধনুকে জোরে দে টান’ এবং আন্তর্জাতিক ‘আমরা করবো জয়’ গেয়ে অনুষ্ঠান শুরু করেন।এরপর আলোচকেরা হেমাঙ্গ বিশ্বাসের আপসহীন সংগ্রামী জীবন এবং তাঁর কালজয়ী গণসংগীত নিয়ে আলোচনা করেন। হেমাঙ্গ বিশ্বাসের ১৯৮১ সালে ঢাকা সফরে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে তাঁর গানের আসরের স্মৃতি তুলে ধরেন তাঁরা।হেমাঙ্গের জন্ম ১৯১২ সালের ১৪ ডিসেম্বর হবিগঞ্জের এক জমিদার পরিবারে। এন্ট্রান্স পাস করার পরেই তিনি জড়িয়ে পড়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে। স্বদেশি আন্দোলনে যুক্ত হওয়ায় ১৯৩০ সালে তিনি কলেজ থেকে বহিষ্কৃত ও কারারুদ্ধ হন। আড়াই বছর কারাবাসের পর বের হয়ে এসে জড়িয়ে পড়েন কৃষক আন্দোলনে। জমিদার পিতার সঙ্গে এই নিয়ে মতবিরোধ এবং একপর্যায়ে পিতার নির্দেশে চিরতরে গৃহত্যাগ। কলকাতায় এসে হেমাঙ্গ তাঁর সমাজতান্ত্রিক আন্দোলনে সক্রিয় হন এবং গণনাট্য আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। গণসংগীতে তাঁর বিশেষ কৃতিত্ব হলো বাংলার ঐতিহ্যবাহী লোকগানের সুর ও আঙ্গিককে সুসমন্বয় করে গণসংগীতের একটি নতুন মাত্রা সৃষ্টি করা। তাঁর সৃষ্টি এই নব আঙ্গিকের গান অতি সহজেই খেটে খাওয়া সাধারণ মানুষের অন্তর ছুঁয়ে গিয়েছিল। তিনি অজস্র গান রচনা করেছেন, গেয়েছেন দরাজ গলায়। ভারতবর্ষসহ বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর এসব গান গণজাগরণ সৃষ্টিতে অসাধারণ প্রেরণা জুগিয়েছে।অনুষ্ঠানে বক্তারা আগামী বছর একটি জাতীয় পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে ঢাকা ও তাঁর জন্মস্থান হবিগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উদ্যাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান।আলোচনার পর ঋষিজ শিল্পীগোষ্ঠী পরিবেশন করে হেমাঙ্গ বিশ্বাসের গান ‘এই সমাধি পরে যত প্রাণ প্রদীপ জ্বলে’, ‘নায়ের বাদাম উড়াইয়া দে’, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘ওরা আমাদের গান গাইতে দেয় না পল রোবসন’, ‘আমরা মিলেছি আজিকে’। এ ছাড়া ছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সমবেত এবং ক্রান্তির শিল্পীদের একক গান। অনুষ্ঠান শেষ হয় এম এস শফিকুল ইসলাম রচিত ও জিয়াউর রহমান নির্দেশিত ক্রান্তির নাট্য বিভাগ পরিবেশিত ধূম্রজাল নাটক দিয়ে।