গণতন্ত্র অব্যাহত রাখতে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশীদারীমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। আর এ নির্বাচনের প্রক্রিয়া কী হবে, তা নিয়ে সমাধানে পৌঁছানোটা রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ।ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা আজ বুধবার রাজধানীতে এক সংলাপে এ মন্তব্য করেন। জি নাইন নামের একটি সংগঠন রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ-মার্কিন সম্পর্ক নিয়ে এ সংলাপের আয়োজন করে। সংলাপের শুরুতে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক নিয়ে বক্তৃতা করেন ড্যান মজীনা। এরপর প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। সংলাপে সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম।বাংলাদেশের সুশাসন ও রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য নিয়ে প্রশ্নের উত্তরে মজীনা বলেন, ‘সমকালীন সমস্যাগুলোর অন্যতম হচ্ছে সুশাসন। তবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র আর এ ধারা অব্যাহত রাখতে হবে। কারণ বাংলাদেশের গণতন্ত্রের চমত্কার ঐতিহ্য রয়েছে। কাজেই বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হলে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশীদারীমূলক নির্বাচন হতে হবে। আর এ নির্বাচনের প্রক্রিয়া কী হবে, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছাতে হবে। আর সমঝোতায় পৌঁছানোটা আমি চ্যালেঞ্জ মনে করি। তবে এর সুরাহা দ্রুত হওয়া উচিত বলে আমার মত।’বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ ও পুলিশি নিপীড়ন প্রসঙ্গে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, বিনিয়োগ-সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য আইনের শাসন, কার্যকর বিচার বিভাগ ও স্থিতিশীলতা অপরিহার্য। তবে পুলিশের মানসিকতা রাতারাতি পাল্টে ফেলাটা দুরূহই বটে। তা ছাড়া কোনো জাদুর কাঠি দিয়ে তা একবারেই বদলে ফেলা সম্ভব নয়। বরং তা ধাপে ধাপে পরিবর্তনের চেষ্টা থাকাটা ভালো।ড্যান মজীনা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও সুপরিসর, সুগভীর ও শক্তিশালী করার দায়িত্ব নিয়েই আমি এসেছি। আর আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্রও বাংলাদেশ এই দুই দেশের পারস্পরিক স্বার্থেই তা করতে হবে। আমি বিশ্বাস করি, যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত হয়, সে দেশটি হবে এমন এক অর্থনৈতিক শক্তি, যা জনসংখ্যার দিক থেকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশের আকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশকে আমি দেখি পরবর্তী এশীয় বাঘ হিসেবে—বাংলার বাঘ।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি ও মইন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও শমসের মবিন চৌধুরী, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক শফিক রেহমান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন।