গণতন্ত্র আরও সুসংহত করতে কাজ করছে সরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র আরও সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাসস।নিউইয়র্কে প্রধানমন্ত্রী যে হোটেল স্যুটে অবস্থান করছেন, সেখানে গতকাল রোববার সন্ধ্যায় দেখা করতে যান মার্কিন সিনেটর পিটার ডব্লিউ গলব্রেইথ। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৬৭তম অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্কে রয়েছেন।সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।শেখ হাসিনা বলেন, জাতীয় সংসদ, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে। এ ছাড়া সরকার বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়েছে।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বর্তমান সংসদের প্রথম অধিবেশনেই সব সংসদীয় কমিটি গঠনের কথা উল্লেখ করেন। এ সময় তিনি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তাঁর সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরেন।সাক্ষাত্কালে মার্কিন সিনেটর শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্ব এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টার প্রশংসা করেন।বর্তমান সরকার ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ অ্যাওয়ার্ড’ দিয়ে পিটার ডব্লিউ গলব্রেইথকে সম্মানিত করেন। পরে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন রাজ্যের আওয়ামী লীগ ও এর সহযোগী সংস্থার নেতারা হোটেল স্যুটে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন।এ সময় পররাষ্টমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রেসসচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।