গণতন্ত্র এখন পুলিশের বুটের তলায়: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বর্তমান সরকার মইনুদ্দিন, ফখরুদ্দীন সরকারের চেয়েও বেশি মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি বলেছেন, ‘দেশের গণতন্ত্র এখন পুলিশের বুটের তলায়।’ আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত ‘গণমাধ্যম নিয়ন্ত্রণ ও মানবাধিকার হরণ: আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, সরকার নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। এ কারণে তারা ভয় পাচ্ছে। ভয় পেয়ে সরকার মরিয়া হয়ে বেপরোয়া আচরণ করছে। সরকার জানে তাদের কোনো জনসমর্থন নেই। তাই তাঁরা এই দমন-পীড়ন আরও বাড়িয়ে দেবে।সভায় আবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানিয়ে মওদুদ বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসনের অধীনে নির্বাচনের স্বপ্ন দেখছে। এটি তাদের দিবাস্বপ্ন। এ জন্য পরে তাদের অনুশোচনা করতে হবে। বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতারা দাবি করে থাকেন, এই সরকারের আমলে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সব নিরপেক্ষ ও সফল হয়েছে। তাঁদের কথা, দলীয় সরকারের অধীনে যদি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হতে পারে, তবে জাতীয় নির্বাচন কেন সুষ্ঠু হবে না? এ ব্যাপারে মওদুদ বলেন, জাতীয় নির্বাচন হলো সরকার গঠনের নির্বাচন। এর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের তুলনা চলে না।মওদুদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ সবকিছু নির্ভর করছে গণতান্ত্রিক শাসনব্যবস্থা অব্যাহত রাখার ওপর। এই শাসনব্যবস্থা অব্যাহত রাখতে পারাটাই এখন দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।