গণতন্ত্র এখন হুমকির মুখে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ যদি একতরফাভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচনের চেষ্টা করে, তাহলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এভাবে দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জে মুখ্য মহানগর হাকিমের আদালতে ট্রেন পোড়ানোর মামলায় জামিন নিতে এসে আদালত চত্বরে গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে এক সমাবেশে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। সিরাজগঞ্জের মুখ্য মহানগর হাকিম আমিরুল ইসলাম যোয়ার্দ্দার খন্দকার মোশাররফের জামিন আবেদন মঞ্জুর করেন।খন্দকার মোশাররফ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ বিষয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার এসে নির্বাচন কমিশনের পুনর্গঠন করবে। তারপর কমিশনের সঙ্গে আমরা আলাপ-আলোচনায় বসব। বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের আলোচনা নয়।সমাবেশে অন্য আসামিদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন, আমিরুল ইসলাম খান প্রমুখ। এ মামলার অপর আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অসুস্থতার কারণে আদালতে হাজির হননি।২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার জনসভার আগে ট্রেনে কাটা পড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের সাতজন নেতা-কর্মী নিহত হন। এর জের ধরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গোলাম হায়দার বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় সাত নেতাসহ ২৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় কেন্দ্রীয় নেতারা হাইকোর্ট থেকে জামিনের আবেদন করলে হাইকোর্ট নিম্ন আদালতে জামিন গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।