গণতন্ত্র ও মানবাধিকারকে মৌলিক অধিকারে আনার দাবি
গণতন্ত্র ও মানবাধিকার-সম্পর্কিত অধ্যায়কে সংবিধানের মৌলিক অধিকার অধ্যায়ে আনার দাবি জানিয়েছেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক। আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে হিউম্যান রাইটস ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে তিনি এ দাবি জানান।রফিক-উল হক বলেন, ‘সারা দিন আমরা মানবাধিকার মানবাধিকার বলে চিত্কার করি। কিন্তু আমাদের সংবিধানের মৌলিক অধিকার অধ্যায়ে গণতন্ত্র ও মানবাধিকার-সম্পর্কিত অধ্যায়টি নেই। এর স্থান হয়েছে সংবিধানের রাষ্ট্রীয় নীতি অধ্যায়ে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে সংবিধানের এই বিষয়টি নিয়ে সরকারকে নতুন করে ভাবতে হবে। এটিকে মৌলিক অধিকার অধ্যায়ে নিতে হবে।’রফিক-উল হক আরও বলেন, ‘আইন অমান্য করা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা একজন আরেকজনকে সম্মান করি না। আমাদের দুই নেত্রী একে অন্যের প্রতি সম্মান দেখান না।’ তিনি অভিযোগ করেন, আজকাল আদালতে আইনে বিচার হয় না। বিচারপতিদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আইন দিয়ে বিচার করুন। বাদী বা আইনজীবীর চেহারা দেখে প্রভাবিত হয়ে বিচার করবেন না।’