গণতন্ত্র চর্চার দায়িত্ব সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘শুধু রাজনৈতিক দলের নেতা-কর্মীরা গণতন্ত্রের চর্চা করবে, এটা ভাবলে চলবে না। গণতন্ত্রের চর্চার দায়িত্ব দল-মত-নির্বিশেষে সবার। এ ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।’আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় স্পিকার এ কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা যতটুকু হওয়ার কথা ছিল, স্বাধীনতার ৪০ বছরেও তা হয়নি। তবে চর্চার মাধ্যমেই গণতন্ত্রের ভিত মজবুত হয়, তাই গণতন্ত্রের চর্চা ঠিক রাখতে হবে।স্পিকার আবদুল হামিদ বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের সবচেয়ে বড় সম্পদ বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা। কিন্তু বিশ্বাসযোগ্যতা কেউ কাউকে দেয় না। এটা অর্জন করতে হয়। সাংবাদিকদের তাঁদের লেখনীর মাধ্যমেই তা অর্জন করতে হবে।স্পিকার বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে সংবাদের সত্যতা ও যথার্থতা নিশ্চিত করা জরুরি। অসত্য ও ভুল তথ্যের ওপর প্রতিবেদন ছাপালে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে ক্ষতি হয়, প্রতিবাদ ছাপিয়ে তা কোনোভাবেই পূরণ করা যায় না। তিনি বলেন, সংসদের বিষয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের সূত্র হিসেবে যা উল্লেখ করা হয়, তার বেশির ভাগই কাল্পনিক ও অবাস্তব। অনেক ক্ষেত্রে তাঁর সঙ্গে কথা না বলেই তাঁর নাম উল্লেখ করা হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংবাদমাধ্যম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেক সময় হলুদ সাংবাদিকতা করে বলে তিনি অভিযোগ করেন। টেলিভিশন চ্যানেলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে আক্রমণাত্মক কোনো কিছু না বলা পর্যন্ত তাঁরা তৃপ্ত হন না। তাঁরা জোর করে আমাদের মুখ দিয়ে কিছু শব্দ বের করে নেন। আমরাও এ সময় অনেক শব্দ বলে ফেলি। তাঁদের কাছে অনুরোধ, সংবাদ পরিবেশনের সময় এসব আক্রমণাত্মক বক্তব্য পরিবেশন করবেন না। এতে রাজনৈতিক বিভেদ কমে আসবে।’