গণতন্ত্র চর্চার সৌন্দর্য দেখতে চায় বিশ্ববাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরি রবিনসন। আয়ারল্যান্ডের প্রথম নারী প্রেসিডেন্ট ও জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সাবেক কমিশনার।গত সোমবার প্রথম আলোকে তিনি সাক্ষাৎকার দেন‘ফরাসি স্থপতি লুই আই কান আকর্ষণীয়ভাবে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটির নকশা তৈরি করেছেন। এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর সংসদ ভবন। বিশ্বের মানুষ আশা করে, এই ভবনের বাইরের সৌন্দর্যের মতো ভেতরেও গণতন্ত্র চর্চার সৌন্দর্য থাকবে।’ আয়ারল্যান্ডের প্রথম নারী রাষ্ট্রপতি ও জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক সাবেক কমিশনার মেরি রবিনসন প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। ৭ ফেব্রুয়ারি ব্র্যাক সেন্টারে তিনি এ সাক্ষাৎকার দেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে মেরি ঢাকায় এসেছেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে দেশ ও দলের মধ্যে ভিন্নমতের সুযোগ রাখা উচিত মন্তব্য করে মেরি রবিনসন বলেন, রাজনৈতিক দলগুলোকে সংসদের ভেতরে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে হবে। তর্কবিতর্কের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। সংসদীয় ব্যবস্থা চালু হওয়ার পর হরতাল বা ধর্মঘটের মতো আদিম কর্মসূচি চলতে থাকলে গণতন্ত্র পিছিয়ে পড়বে। গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে না পারলে মানবাধিকার নিশ্চিত করা কঠিন হবে।১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী রবিনসন বলেন, ভিন্নমত প্রকাশের সুযোগ গণতন্ত্রের জন্য সবচেয়ে শক্তির জায়গা। দল ও সরকারের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়া গণতন্ত্রের জন্য ভালো নয়। অভ্যন্তরীণ বিতর্ক না থাকলে প্রকৃত সমালোচনার ধারা তৈরি হয় না। মাতৃস্বাস্থ্য ও নারীদের শিক্ষার সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে—মন্তব্য করে মেরি রবিনসন বলেন, একটি সক্রিয় ও শক্তিশালী সুশীল সমাজ বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক ফল নিয়ে আসছে। মিসর, তিউনিসিয়া, ইয়েমেনসহ আরব বিশ্বের গণ-আন্দোলনকে আগামী দিনের পৃথিবীর গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে উল্লেখ করে মেরি রবিনসন বলেন, এ আন্দোলন আল-কায়েদার জন্য অস্বস্তিকর। কেননা এই তরুণেরা ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে একই লক্ষ্যে রাজপথে নেমেছে। একই কণ্ঠে তারা বলছে, স্বাধীনতা, স্বচ্ছতা ও গণতন্ত্রের কথা। এদের ৫০ শতাংশের বয়স ২০-২৫-এর নিচে। তারা ইন্টারনেটসহ নানা প্রযুক্তির মধ্য দিয়ে বিশ্বের সঙ্গে পরিচিত হয়ে উঠছে। উগ্রবাদী ধর্মীয় নেতাদের ভণ্ডামি তারা মুহূর্তেই বুঝতে পারে।একটি ছোট্ট পরিবারের হাতে ক্ষমতা কুক্ষিগত দেখতে চায় না আরবসহ উন্নয়নশীল বিশ্বের তরুণেরা। কিছু পরিবারের লোকজন ধনী থেকে ধনী হবে আর বেশির ভাগ মানুষ গরিব ও বেকার থাকবে, এটা এই তরুণেরা সহ্য করছে না। তারা এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের রাজপথে নেমেছে। এটা বিশ্বে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।নব্বইয়ের দশকে বাংলাদেশ, ফিলিপাইনসহ বেশ কিছু দেশে গণতন্ত্রের জন্য তরুণেরা রাজপথে আন্দোলন করেছিল। সংসদীয় ব্যবস্থা চালু হলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থা ও সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়নি। আরব বিশ্ব একই পরিস্থিতির দিকে যাচ্ছে কি না, জানতে চাইলে এই মানবাধিকারকর্মী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার দুর্বলতা কাটাতে হলে আরও বেশি গণতন্ত্রের চর্চা করতে হবে। এই পথেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে।উন্নত দেশগুলোতে তো গণতন্ত্র ও মানবাধিকার প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সেখানে কোনো সংকট দেখতে পান কি না, জানতে চাইলে মেরি রবিনসন বলেন, যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে নিরাপত্তার কারণে মানবাধিকার বিষয়টিকে পাশে সরিয়ে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের অপরাধবিষয়ক আদালতকে পাশ কাটিয়ে গুয়ানতানামো কারাগার তৈরি করেছে। অনেক দেশে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিরোধী মতকে দমন করা হয়েছে। এর মধ্য দিয়ে মানবাধিকারকে নিশ্চিত না করে বিশ্বকে নিরাপদ করার চেষ্টা করা হয়েছে।মাতৃভূমি আয়ারল্যান্ড এখন বিশ্বমন্দার প্রভাবে তীব্র সংকটের মধ্যে আছে উল্লেখ করে মেরি রবিনসন বলেন, সংকট মোকাবিলা করতে না পারায় সম্প্রতি বিগত সরকার নির্বাচনে হেরে গেছে। বেশ কিছু রাজনৈতিক সংস্কারও চলছে। তিনি মনে করেন, সংস্কারের মধ্য দিয়ে হলেও গণতন্ত্রকে টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ। শিল্পোন্নত দেশগুলোর জীবনযাত্রার ধরন ও উন্নয়ন কৌশলের কারণে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে মন্তব্য করে অক্সফাম ইন্টারন্যাশনালের সম্মানিত প্রেসিডেন্ট মেরি রবিনসন বলেন, জলবায়ু পরিবর্তনের শিকার বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। প্রতিটি দরিদ্র দেশের উন্নত হওয়ার অধিকার আছে উল্লেখ করে তিনি বলেন, দরিদ্ররা মোবাইল ফোন, ব্যাটারিসহ কার্বন নিঃস্বরণকারী যন্ত্র ব্যবহার করছে। ফলে ধনী দেশগুলোর উচিত নিম্ন কার্বন নিঃস্বরণ প্রযুক্তি উদ্ভাবন করে স্বল্পোন্নত দেশগুলোকে সহায়তা দেওয়া। সারা বিশ্বের জন্য আগামী দিনের পথ হওয়া উচিত স্বল্প কার্বন নিঃসরণকারী উন্নয়নের পথে যাওয়া। এই মত প্রকাশ করে মেরি রবিনসন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমার ফাউন্ডেশন জাতিসংঘ ঘোষিত জলবায়ু তহবিলে দরিদ্র দেশ ও দরিদ্রদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। বর্তমানে জাতিসংঘের জলবায়ু তহবিলের যেসব শর্ত আছে, তা চীন ও ভারতের জন্য অনুকূলে থাকায় তারা বেশির ভাগ অর্থ পাচ্ছে। ফলে শর্তগুলোকে দরিদ্র দেশের জন্য সহায়ক হতে হবে। জাতিসংঘ জলবায়ু তহবিলের টাকা অবশ্যই উন্নয়ন সহায়তার অতিরিক্ত হতে হবে মন্তব্য করে মেরি রবিনসন বলেন, ‘কানকুনে ২০২০ সালের মধ্যে যে বছরে ১০০ বিলিয়ন ডলার তহবিলের কথা বলা হয়েছে, তার অর্ধেক যাতে বাংলাদেশের মতো জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলো পায়, আমি সে চেষ্টা করছি।’